কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় নির্মিত দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়ি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ আনুষ্ঠানিকভাবে বাড়িটি উদ্বোধন করেন। এ সময় তিনি সুবিধাভোগী বৃদ্ধার হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন।
জানা যায়, মহেশখালী পৌরসভার রাখাইনপাড়ার এক হতদরিদ্র, স্বামী-সন্তানহীন বৃদ্ধার জন্য বিশেষ বিবেচনায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে বসবাস করা ওই বৃদ্ধার জন্য দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়িটি নিরাপদ আশ্রয়ের সুযোগ তৈরি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের সুফল যেন প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার, নিরাপদ আবাসন ও জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) ঋত্বিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, তরুণ বিএনপি নেতা আ স ম জাহেদুল হক নাহিদ, মহেশখালী পৌরসভার বড় রাখাইনপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী উছেন থে রাখাইনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় নির্মিত বাড়ি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগী বৃদ্ধা। জীবনের শেষ সময়ে এসে নিরাপদ আশ্রয় পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ শুধু আবাসনের নিশ্চয়তাই দেয় না, বরং তাঁদের মধ্যে নতুন করে বেঁচে থাকার আশাও জাগিয়ে তোলে।