পাইকগাছায় বৃষ্টিতে ঘর ভেঙে আশ্রয়হীন বৃদ্ধা আমেনা, সহায়তার আবেদন

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা

সারাদেশ

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টিতে খুলনার পাইকগাছায় মাটির দেয়াল ধসে টিনের চাল ভেঙে পড়েছে বিধবা বৃদ্ধা আমেনা বেগমের ঘরের। এতে

2026-11-24T16:23:56+00:00
2026-11-24T16:23:56+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাইকগাছায় বৃষ্টিতে ঘর ভেঙে আশ্রয়হীন বৃদ্ধা আমেনা, সহায়তার আবেদন
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম 
পাইকগাছায় বৃষ্টিতে ঘর ভেঙে আশ্রয়হীন বৃদ্ধা আমেনা, সহায়তার আবেদন
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারী বৃষ্টিতে খুলনার পাইকগাছায় মাটির দেয়াল ধসে টিনের চাল ভেঙে পড়েছে বিধবা বৃদ্ধা আমেনা বেগমের ঘরের। এতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে তাঁর একমাত্র আশ্রয়স্থল। ঘর হারিয়ে আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। অভাবের সংসারে নতুন করে ঘর তৈরি করা তাঁর পক্ষে প্রায় অসম্ভব। কোথা থেকে টাকা পাবেন, কীভাবে আবার মাথা গোঁজার ঠাঁই হবে—এ চিন্তায় দিশেহারা আমেনা।

আমেনা বেগম খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শিলেমানপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত চোকিদার ইনছাপ গাজীর স্ত্রী। প্রায় ২০ বছর আগে স্বামীকে হারানোর পর পাঁচ মেয়ে ও এক ছেলের সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তাঁকে। মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে সংসার চালিয়েছেন। স্বামীর রেখে যাওয়া মাটির দেয়াল ও টিনের ছাউনি দেওয়া জরাজীর্ণ ছোট্ট ঘরটিতেই বসবাস করতেন তিনি।

অভাব-অনটনের মধ্যেও একে একে ছয় সন্তানকে বিয়ে দিয়েছেন আমেনা। বর্তমানে স্বামীর রেখে যাওয়া দুই কাঠা জমিতে এক ছেলে, এক মেয়ে ও তিনি বসবাস করেন। সন্তানদের বিয়ে দেওয়ার পর ছেলে আলাদা হয়ে যান। কিছুদিন পর মেয়ে আনোয়ারা বেগম বাবার ভিটেতে একটি ঘর তৈরি করে বসবাস শুরু করেন।

ছয় সন্তান থাকলেও স্বামীহারা বৃদ্ধা আমেনার জীবনের শেষ আশ্রয় ছিল স্বামীর রেখে যাওয়া সেই মাটির ঘরটি। বিভিন্ন অসুস্থতা ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় প্রায় পাঁচ বছর ধরে ভারী কোনো কাজ করতে পারেন না তিনি। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে কোনোভাবে চলত তাঁর সংসার। এর মধ্যে ভারী বৃষ্টিতে ঘরটি ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছেন তিনি।

বৃদ্ধা আমেনা বেগম বলেন, ‘স্বামীর মৃত্যুর পর থেকেই কষ্ট করে জীবন পার করছি। সন্তানেরা পাশে থেকেও নেই। বিভিন্ন কাজকর্ম আর ভিক্ষা করে সংসার চালাতাম। কিন্তু এখন আর শরীর চলে না। এর মধ্যে বৃষ্টিতে ঘরটিও ভেঙে গেছে। এখন কীভাবে ঘর বানাব, সেটাই বুঝতে পারছি না। অসুস্থ হলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। জীবনের শেষ সময়ে এসে আমার আর কিছু চাওয়ার নেই। মৃত্যুর আগে অন্তত মাথা গোঁজার মতো একটি ঘর পেলে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।’

স্থানীয় কৃষকদল নেতা মো. জামিরুল ইসলাম জামির বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। অতিবৃষ্টির কারণে তাঁর ঘরটি ভেঙে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি খুবই অসহায় অবস্থায় আছেন। তাঁকে একটি ঘর তৈরি করে দেওয়া গেলে তিনি বসবাস করতে পারবেন।’

তিনি স্থানীয় প্রশাসন, মানবিক সংগঠন ও সমাজের বিত্তবানদের আমেনা বেগমের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আমেনা বেগমও মাথা গোঁজার ঠাঁই ফিরে পেতে সমাজের বিত্তবান, মানবিক মানুষ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: