মায়ের পর দুই ছেলেরও চোখে গুরুতর সমস্যা, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

মা হারিয়েছেন দৃষ্টিশক্তি। জন্ম থেকেই চোখের সমস্যায় ভুগছে তাঁর দুই ছেলে। অর্থাভাবে বিশেষজ্ঞ চিকিৎসা করাতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটছে

2026-11-24T16:36:35+00:00
2026-11-24T16:36:35+00:00
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
মায়ের পর দুই ছেলেরও চোখে গুরুতর সমস্যা, অর্থাভাবে বন্ধ চিকিৎসা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম 
নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিমনাপুর গ্রামের বাসিন্দা নার্গিস আক্তার। তাঁর দুই ছেলে নাইম ইসলাম ও নুর মোহাম্মাদের চোখেও রয়েছে গুরুতর সমস্যা। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না রাজমিস্ত্রি স্বামী রুবেল শাহ। ছবিতে দুই ছেলের সঙ্গে নার্গিস আক্তার।
মা হারিয়েছেন দৃষ্টিশক্তি। জন্ম থেকেই চোখের সমস্যায় ভুগছে তাঁর দুই ছেলে। অর্থাভাবে বিশেষজ্ঞ চিকিৎসা করাতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারটির। এমন পরিস্থিতি নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিমনাপুর গ্রামের রুবেল শাহের পরিবারে।

পেশায় রাজমিস্ত্রি রুবেল শাহের স্ত্রী নার্গিস আক্তারের বয়স ২৮ বছর। তাঁদের দুই ছেলে নাইম ইসলাম (১০) ও নুর মোহাম্মাদের (৩)। দুজনেরই চোখে গুরুতর সমস্যা রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৩ সালে নার্গিসের ডান চোখে ছানির অস্ত্রোপচার করা হয়। এর এক মাস পর চোখটি ভেতরের দিকে ঢুকে যায় এবং তিনি দৃষ্টিশক্তি হারান। ২০১৬ সালে বিয়ের পর ২০১৭ সালে তাঁদের বড় ছেলে নাইমের জন্ম হয়। জন্ম থেকেই তার দুই চোখে সমস্যা। ২০২৩ সালে জন্ম নেওয়া ছোট ছেলে নুর মোহাম্মাদেরও একই সমস্যা। ছোট সন্তান জন্মের পর নার্গিসের বাম চোখের দৃষ্টিশক্তিও চলে যায়। বর্তমানে তিনি দুই চোখেই দেখতে পান না।

অর্থাভাবে পরিবারের কারও বিশেষজ্ঞ চিকিৎসা করানো সম্ভব হয়নি। স্থানীয় চিকিৎসকের প্রাথমিক ধারণা, গ্লুকোমার কারণে চোখের ক্ষতি হয়ে থাকতে পারে।

রুবেল শাহ বলেন, ‘রাজমিস্ত্রির কাজ করে কোনোমতে সংসার চালাই। তিনজনের চিকিৎসা করানোর সামর্থ্য নেই। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় আছি। সবার সহযোগিতা চাই।’

নার্গিস বলেন, ‘আমার যা হওয়ার হয়েছে। কিন্তু আমার সন্তানদের কী হবে? ওরা কীভাবে বড় হবে, মানুষ হবে? চোখে দেখতে না পাওয়ায় পড়াশোনাও করতে পারছে না।’

প্রতিবেশী আকরাম হোসেন বলেন, ‘পরিবারটি খুব অসহায়। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। আমরা চাই, সমাজের সামর্থ্যবান মানুষ তাঁদের পাশে দাঁড়ান।’

অপটোমেট্রিস্ট মো. হুমায়ুন কবির বলেন, পরিবারের একাধিক সদস্যের দৃষ্টিশক্তি হারানোর ইতিহাস থাকলে বংশগত রোগের সম্ভাবনা বিবেচনায় আসে। তবে চক্ষু বিশেষজ্ঞ এবং প্রয়োজনে ক্লিনিক্যাল জেনেটিসিস্টের মূল্যায়ন ছাড়া রোগ নির্ণয় সম্ভব নয়। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসা প্রয়োজন।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, ‘বিষয়টি এই প্রথম শুনলাম। খোঁজখবর নেব। তাঁরা যোগাযোগ করলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পরিবারটি চিকিৎসার জন্য বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতা চেয়েছে।

সহযোগিতার জন্য বিকাশ: ০১৩১৫২৩৮৯১১, ০১৭০৭১৭৯৪৮২।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: