রং ও পোড়া মবিল মিশিয়ে নামী-দামি ব্র্যান্ডের নামে লুব্রিকেন্ট তৈরি করার অভিযোগে চট্টগ্রামের কদমতলীর জয়শ্রী অটোমোবাইলস সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া একই এলাকায় ও দেওয়ানহাট মোড়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরীর কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম মহানগর পুলিশের একটি দল।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
অভিযানকালে জয়শ্রী অটোমোবাইলসের কারখানায় রং ও পোড়া মবিল মিশিয়ে শারলু, আরএসএম, মটলু ও ক্যাস্ট্রলের মতো নামী ব্র্যান্ডের নামে মবিল তৈরি করতে দেখা যায়। এ কারণে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিদপ্তরের শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে। শুনানির পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
এ ছাড়া একই এলাকায় রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের দায়ে সমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দেওয়ানহাট মোড় এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে তাজ ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।