শ্রীপুরে পাঁচ পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, পুলিশের দিকে ইটপাটকেল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে একের পর এক পাঁচটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল বহিরাগত যুবক। বুধবার সকাল থেকে দলবদ্ধভাবে কারখানাগুলোর

2026-11-25T14:30:47+00:00
2026-11-25T14:30:47+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীপুরে পাঁচ পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, পুলিশের দিকে ইটপাটকেল
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৩০ পিএম 
সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে একের পর এক পাঁচটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল বহিরাগত যুবক। বুধবার সকাল থেকে দলবদ্ধভাবে কারখানাগুলোর প্রধান ফটকে হামলা চালানোর পাশাপাশি কয়েকটিতে ভেতরে প্রবেশ করে ভাঙচুর করা হয়। এ সময় বাধা দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার সকাল ৯টার দিকে শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস ও লাক্সমা ইনওয়্যার লিমিটেডে হামলার ঘটনা ঘটে। একই সময়ে কেওয়া দক্ষিণখণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলেও হামলা ও ভাঙচুর চালানো হয়।

ফখরুদ্দিন টেক্সটাইলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, বুধবার কারখানাটি বন্ধ ছিল। সকাল থেকেই কয়েকজন যুবক কারখানার প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে তাঁরা ফটক ভাঙচুরের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে দলবদ্ধ হয়ে আবারও হামলা চালানো হয়। এ সময় কারখানা লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

তিনি বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের ধাওয়া করেন। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় হ্যামস গার্মেন্টসের প্রধান ফটক এবং কারখানার ভেতরে ভাঙচুর করা হয়। ভিক্টোরিয়া গার্মেন্টসের ফটকে অবস্থান নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় হামলাকারীরা। প্রবেশ করতে না পেরে তারা ফটকে ভাঙচুর করে। এ ছাড়া লাক্সমা ইনওয়্যার লিমিটেডের ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে ভাঙচুর এবং নোমান হোম টেক্সটাইলের প্রধান ফটক ক্ষতিগ্রস্ত করা হয়।

হ্যামস গার্মেন্টসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান কারখানায় ভাঙচুরের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত জানানো হবে।

গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, কারখানাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা প্রকৃত শ্রমিক নন; বহিরাগত কিছু যুবক শ্রমিকের ছদ্মবেশে বিভিন্ন কারখানার ফটকে গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। পুলিশের সতর্ক অবস্থানের কারণে তাঁরা বেশিক্ষণ অবস্থান করতে পারেননি।

তিনি আরও জানান, বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক আছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: