১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠেয় অলিম্পিকে ক্রিকেটের ছয়টি দলের অংশগ্রহণের কথা রয়েছে। সেই আসরে জায়গা করে নেওয়ার লড়াইয়ে পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। আর এই বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুরুষদের চূড়ান্ত বাছাইপর্ব। আজ সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, প্রতিযোগিতার সব ম্যাচ ঢাকায় আয়োজনের চেষ্টা করবে বোর্ড।
তামিম বলেন, ‘আমরা চেষ্টা করব, যেন অলিম্পিক বাছাইপর্বের সব ম্যাচ ঢাকায় আয়োজন করা যায়। আমি মনে করি, বাংলাদেশের জন্য এটি দারুণ একটি অর্জন।’
বাছাইপর্বের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, অলিম্পিকে অংশ নেওয়ার জন্য ছয়টি দলের মধ্যে পাঁচটি ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। বাকি একটি জায়গা পূরণের জন্য আট দলের মধ্যে হবে চূড়ান্ত বাছাইপর্ব।
তামিম বলেন, ‘এই বাছাইপর্বের ভেন্যু নিয়ে গত তিন-চার মাস ধরে আমি আলোচনা করছিলাম, যেন বাংলাদেশ আয়োজক হতে পারে। আমি মনে করি, এটি অনেক বড় অর্জন। অলিম্পিক বাছাইপর্বের মতো একটি ইভেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এটা আমাদের জন্য দারুণ ব্যাপার।’
এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাওয়ার ব্যাপারেও আশাবাদী বিসিবি সভাপতি। তিনি বলেন, দেশের মাটিতে ভালো দলগুলোর বিপক্ষে খেলার পাশাপাশি বিদেশের মাটিতেও শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরির চেষ্টা চলছিল। এ ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
তামিমের ভাষ্য, ‘আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, যেন টেস্ট চ্যাম্পিয়নশিপে দেশের মাটিতে ভালো দলগুলোর বিপক্ষে খেলতে পারি। একইভাবে দেশের বাইরেও ভালো দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাই। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো সাড়া পেয়েছি।’