
আট বছর আগের বল বিকৃতি কাণ্ড নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলেও অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের ওপর আস্থা হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাঁর নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সংস্থাটির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের কেপটাউন টেস্টের ঘটনায় কামিন্সের সততা নিয়ে ওঠা প্রশ্নও সরাসরি নাকচ করেছে তারা।
সম্প্রতি সাবেক অস্ট্রেলীয় ওপেনার উসমান খাজার মন্তব্যে নতুন করে আলোচনায় আসে সেই আলোচিত স্যান্ডপেপার কেলেঙ্কারি। খাজার দাবি, ২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সবাই অবগত ছিলেন। এরপর কামিন্সের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। তবে গত সপ্তাহে সংবাদ সম্মেলনে অস্ট্রেলীয় অধিনায়ক স্পষ্ট করেন, ওই পরিকল্পনা সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। পরে সাবেক ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট খাজার বক্তব্যের সঙ্গে একমত হওয়ায় বিতর্ক আরও জোরালো হয়।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বলের আকৃতি পরিবর্তনের জন্য স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ব্যানক্রফট। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটকে দায়ী করা হয়। ওই ঘটনায় তিন ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়েছিল। তবে কামিন্সের বিরুদ্ধে কোনো সংশ্লিষ্টতার অভিযোগ প্রতিষ্ঠিত হয়নি।
নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়ার মধ্যে আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর আগে অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করতেই অবস্থান পরিষ্কার করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
শনিবার পরিচালনা পর্ষদের বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে সংস্থাটি জানায়, কামিন্সের অধিনায়কত্বের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন বলেন, কঠিন এই সময়ে সতর্কতা ও ধৈর্যের সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেটকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।
বুন আরও জানান, কামিন্সের প্রতি সংস্থার আস্থা অটুট। ২০১৮ সালের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতিও উদ্বেগ রয়েছে তাদের। ওই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গত আট বছরে কামিন্স ও দলের অন্য নেতারা যে সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়েও সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া। অধিনায়কের সততা নিয়ে প্রশ্ন তোলার যেকোনো ইঙ্গিতও দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।
তবে পুরোনো তদন্ত নতুন করে শুরু করার পথে হাঁটছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। এর পরিবর্তে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের অভিজ্ঞতা নিয়ে সংশ্লিষ্ট খেলোয়াড়দের খোলামেলা আলোচনার সুযোগ দিতে একটি বিশেষ ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা।