
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। গত বছরের চুক্তিতে ‘বি’ ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটারকে এবার সম্পূর্ণ বাদ দিয়েছে বোর্ড। শুধু রিজওয়ান নন, আগের চুক্তিতে থাকা আরও বেশ কয়েকজন পরিচিত মুখও নতুন তালিকায় জায়গা পাননি।
এবার কেন্দ্রীয় চুক্তির কাঠামোতেই পরিবর্তন এনেছে পিসিবি। আগের গ্রেডভিত্তিক পদ্ধতির পরিবর্তে ক্রিকেটের সংস্করণ অনুযায়ী খেলোয়াড়দের চুক্তির আওতায় আনা হয়েছে। নতুন এই চুক্তির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। এতে মোট ৩৮ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। তাঁদের মধ্যে মূল চুক্তিতে আছেন ১৯ জন, বাকি ১৯ জনকে রাখা হয়েছে উন্নয়ন ক্যাটাগরিতে।
নতুন কাঠামোয় বাবর আজম ও সালমান আগা টেস্ট ও ওয়ানডে—দুই সংস্করণের চুক্তি পেয়েছেন। শুধু টেস্টের চুক্তিতে জায়গা হয়েছে আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিলের। অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণের চুক্তি পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
শুধু টি-টোয়েন্টি সংস্করণের চুক্তিতে রয়েছেন হাসান নেওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক। অর্থাৎ নতুন তালিকায় কোনো ক্রিকেটারই তিন সংস্করণের জন্য একসঙ্গে চুক্তি পাননি।
মূল চুক্তির বাইরে উন্নয়ন ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৯ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, তায়্যব আরিফ, গাজী ঘোরি, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম ও উবায়েদ শাহ।
আগের চুক্তি থেকে বাদ পড়াদের তালিকাও বেশ বড়। রিজওয়ানের পাশাপাশি সাইম আইয়ুব, হাসান আলী, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবার চুক্তির বাইরে রয়েছেন।
সংস্করণভিত্তিক এই নতুন কাঠামোর মাধ্যমে খেলোয়াড়দের পারফরম্যান্স ও নির্দিষ্ট ফরম্যাটে ভূমিকার ওপর গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছে পিসিবি। তবে গত বছরের চুক্তিতে থাকা রিজওয়ানের মতো অভিজ্ঞ ক্রিকেটারের বাদ পড়া নতুন তালিকা প্রকাশের পর আলোচনার জন্ম দিয়েছে।