শেষ ওভারের নাটকীয়তায় ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

খেলা

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১১ রান। হাতে উইকেট থাকলেও চাপটা ছিল দুই দলের ওপরই। স্যাম কারানের করা সেই ওভারে

2026-11-21T18:50:24+00:00
2026-11-21T18:50:24+00:00
  রবিবার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
খেলা
শেষ ওভারের নাটকীয়তায় ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৫০ পিএম 
সংগৃহীত ছবি

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১১ রান। হাতে উইকেট থাকলেও চাপটা ছিল দুই দলের ওপরই। স্যাম কারানের করা সেই ওভারে ছক্কা ও বাউন্ডারিতে সমীকরণ মিলিয়ে অস্ট্রেলিয়াকে রোমাঞ্চকর জয় এনে দেন জ্যাক এডওয়ার্ডস। তাঁর ব্যাটে এক বল হাতে রেখেই ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৮৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ১৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এমসিজিতে পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত কাজে লাগাতে শুরুতে সফল হয় অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে সেই চাপ সামলে পাল্টা আক্রমণ চালান অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ২৫ বলে ৬ ছক্কায় ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিংয়ে ১০ ওভারে ৪ উইকেট হারিয়েই ১১৯ রান তুলে নেয় ইংল্যান্ড।

তবে ব্রুকের ঝোড়ো ব্যাটিংয়ের পরও ইনিংসের শেষ ভাগে প্রত্যাশিত গতি ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। শেষ ১০ ওভারে যোগ হয় মাত্র ৬৮ রান। ফলে বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি করেও ১৮৭ রানেই থামতে হয় তাদের।

জবাবে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৩ রানেই ব্যক্তিগত ১ রান করে ফিরে যান ওপেনার ম্যাকগার্ক। এরপর স্যাম হার্পারের ৩২ রানের ইনিংস দলকে কিছুটা এগিয়ে নেয়। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টানেন অলরাউন্ডার নিখিল চৌধুরী।

বল হাতে ২১ রান খরচায় ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও আলো ছড়ান তিনি। মাত্র ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেন নিখিল। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে কঠিন লক্ষ্যও নাগালের মধ্যে চলে আসে স্বাগতিকদের।

শেষ দিকে ম্যাচের উত্তেজনা আরও বাড়ে। শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান। স্যাম কারানের প্রথম বলেই ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করেন জ্যাক এডওয়ার্ডস। এরপর পঞ্চম বলে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। এক বল বাকি থাকতেই ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

এই জয়ে শুধু সিরিজে এগিয়ে যাওয়াই নয়, এমসিজিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ডও গড়ল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর ক্যারারা ওভালে। বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: