
২০২৭ এশিয়া কাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যেই পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে দেশের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বোর্ড। দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকেই প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া মিলেছে। তবে সিরিজের আয়োজন ও অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভার ফাঁকে পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিনিধিদের কাছে প্রস্তাবটি তুলে ধরে বিসিবি।
ক্রিকবাজকে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের কাছ থেকেই ভালো সাড়া পাওয়া গেছে। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সম্মতি না দেওয়া পর্যন্ত সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসছে না।
ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এশিয়া কাপের আগে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি। দুই দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।’
প্রস্তাবটির বিষয়ে এখনো দুই বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি। কর্মকর্তা আরও বলেন, ‘এটি আমাদের পক্ষ থেকে দেওয়া একটি প্রস্তাব। দুই দেশই বিষয়টি বিবেচনা করছে। তারা অংশ নেবে কি না, সে বিষয়ে পরে আমাদের জানাবে। তাই এখনই সিরিজটি ঘোষণা করা সম্ভব নয়।’
এর আগে শুক্রবার পাকিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভিও জানিয়েছিলেন, পরবর্তী বিশ্বকাপের আগে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে। তবে সিরিজের সময়সূচি নিয়ে তাঁর দেওয়া তথ্যের সঙ্গে বিসিবির পরিকল্পনার পার্থক্য রয়েছে। বিসিবির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সিরিজটি আয়োজনের লক্ষ্য ২০২৭ এশিয়া কাপের আগে।
আগামী বছরের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের সূচি রয়েছে। ২০১৬ সালের পর আবারও মহাদেশীয় এই টুর্নামেন্টের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত আসরে ফাইনালে উঠেছিল স্বাগতিকেরা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।
২০২৭ সালের এশিয়া কাপ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আয়োজন। টুর্নামেন্টের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ পেলে তা প্রস্তুতিতে বাড়তি সুবিধা দেবে। পাশাপাশি নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অভিজ্ঞতাও কাজে লাগাতে পারবে বিসিবি। তবে আপাতত সিরিজটির ভাগ্য নির্ভর করছে পাকিস্তান ও শ্রীলঙ্কার চূড়ান্ত সম্মতির ওপর।