বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগে ‘ইইই অ্যালামনাই এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ ও ‘অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। ‘ইইই অ্যালামনাই ইনিশিয়েটিভ ফর পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ অ্যান্ড ল্যাবরেটরি ডেভেলপমেন্ট’-এর আওতায় আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য স্নাতকোত্তর গবেষণায় উৎসাহ প্রদান এবং বিভাগের গবেষণা পরিবেশ ও অবকাঠামোর উন্নয়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. শরীফ মোহাম্মদ মমিনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইইই বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ. বি. এম. হারুন-উর-রশীদ, অ্যালামনাই প্রতিনিধিবৃন্দ- ড. এম. এম. শহিদুল হাসান, ড. শফি খান এবং ড. শহিদুল হক। এ ছাড়া প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তাঁর ভাই জনাব লিয়াকত আলী চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
বক্তারা অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরীর আন্তরিকতা, শিক্ষকতা ও বিভাগের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বিভাগের উন্নয়নে অ্যালামনাইদের সম্মিলিত অবদানের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ উদ্যোগ আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ বছর ‘ইইই অ্যালামনাই এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন ইইই বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী বিবেক চৌধুরী এবং ‘অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ পেয়েছেন পিএইচডি গবেষক ফাতিহাতুল ইরাম ত্রয়ী।
অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী বুয়েটের ইইই বিভাগের একজন প্রথিতযশা শিক্ষক ছিলেন। তিন দশকেরও বেশি সময় শিক্ষকতা করে তিনি বিভাগীয় প্রধান ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্মৃতিকে ধারণ করে এবং বিভাগের গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে অ্যালামনাইদের সম্পৃক্ত করতে ২০২১ সালের ২৯ জানুয়ারি এ উদ্যোগের সূচনা হয়।