চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আবু ছালেহ্ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেরাজ উদ্দীন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষ, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা অন্যতম লক্ষ্য। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করে তাঁরা নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও উদযাপন কমিটির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।