কক্সবাজারে ‘পর্যটন কার্নিভাল’ আয়োজনকে কেন্দ্র করে ঝাউগাছ কাটার অভিযোগকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। সংস্থাটির দাবি, কার্নিভালের অবকাঠামো নির্মাণ বা আয়োজনের জন্য কোনো ঝাউগাছ কাটা হয়নি কিংবা বনাঞ্চলের ক্ষতি করা হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের পর্যটনশিল্পের বিকাশ, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের বাস্তবায়ন সহযোগিতায় ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজন করা হচ্ছে। আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত তিন মাসব্যাপী এ আয়োজন চলবে।
হোটেল শৈবাল প্রাঙ্গণ ও এর আশপাশের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে কার্নিভালের ১৫ থেকে ১৬টি বিশেষ জোন তৈরি করা হচ্ছে। এ আয়োজনকে বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঝাউগাছ কেটে কার্নিভালের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে’—এমন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি।
ঝাউগাছ কাটার অভিযোগের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, হোটেল শৈবালের নিজস্ব চত্বর ও বরাদ্দকৃত এলাকার কোনো ঝাউগাছ কাটা হয়নি। বনাঞ্চলেরও কোনো ক্ষতি করা হয়নি। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণের জন্য এয়ার ফানেল রুটে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কিছু ঝাউগাছের ওপরের অংশ ছাঁটাই করেছে। ছাঁটাই করা অংশ বন বিভাগের তত্ত্বাবধানে ঝাউবনে সংরক্ষণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া বিভিন্ন প্রতিবেদনে ব্যবহৃত গাছের গুঁড়ির ছবিগুলো পুরোনো এবং কার্নিভালের কাজের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে দাবি করেছে পর্যটন করপোরেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বর্ষা মৌসুমে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও জোয়ারের পানির তোড়ে উপড়ে পড়া এবং ঘূর্ণিঝড় হামুনে আগেই ক্ষতিগ্রস্ত হওয়া গাছের অংশবিশেষের ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে বিকৃত করে উপস্থাপনের অভিযোগও করেছে সংস্থাটি।
কার্নিভাল আয়োজনের বৈধতা ও স্বচ্ছতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন আদেশ, ১৯৭২-এর ২(ঙ) ধারা এবং সরকারি বিধিবিধান অনুসরণ করেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোটেল শৈবাল প্রাঙ্গণে এ আয়োজন করা হচ্ছে। কক্সবাজারের জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ ও পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে ১৫ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
পর্যটন করপোরেশনের দাবি, কক্সবাজারের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, পর্যটকদের রাতের বিনোদনের সুযোগ বাড়ানো এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কার্নিভাল পরিচালনার কারণে ঝাউবন বা সমুদ্রসৈকত এলাকার প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি হোক, তা তারা চায় না।
বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকদের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সরেজমিনে কার্নিভাল প্রাঙ্গণ পরিদর্শন করে প্রকৃত তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করেই কার্নিভাল সফল করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।