পিরোজপুরের নেছারাবাদে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। দেশ-বিদেশের খ্যাতনামা ক্বারিদের কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শুনতে সম্মেলনে সমবেত হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও দর্শনার্থী।
ওস্তাজুল ক্বোররা মরহুম হাফেজ ক্বারী মো. সাঈদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
নেছারাবাদ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আ.জ.ম. অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুন। প্রধান আলোচক ছিলেন কোরআন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব ও আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতার বিচারক শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার এবং স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
সম্মেলনে মিসরের শায়েখ ক্বারী আবদেল নাসের হারাক, বাংলাদেশের শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, পাকিস্তানের শায়খ ক্বারী আনোয়ারুল হাসান বোখারী, আফগানিস্তানের শায়খ ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের শায়খ ক্বারী ওয়াহীদ খাজায়ঈ, দক্ষিণ আফ্রিকার শায়খ ক্বারী জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের শায়খ মুফতি হাফেজ ক্বারী মো. জাকারিয়াসহ দেশি-বিদেশি ক্বারিরা পবিত্র কোরআন তিলাওয়াত করেন। স্থানীয় ক্বারিদের মধ্যে হাফেজ ক্বারী আবু সালেহ মো. হুসাইনও তিলাওয়াত পরিবেশন করেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে প্রায় ১০ হাজারের বেশি মুসল্লি ও দর্শনার্থীর সমাগম ঘটে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে বিদ্যালয় মাঠে তৈরি হয় ধর্মীয় আবহ। নারীদের অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের হলরুমে পৃথক বসার ব্যবস্থা করা হয়। মূল অনুষ্ঠানের কার্যক্রম ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও রাখা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের সম্পাদক অধ্যাপক মো. মাহমুদুর রহমান খান।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান খান বলেন, মা-বাবার স্মৃতি ধরে রাখতে তাঁদের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত। দেশ-বিদেশের সম্মানিত ক্বারিদের তিলাওয়াতে অনুষ্ঠানটি সমৃদ্ধ হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত রাখতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনের মধ্য দিয়ে পবিত্র কোরআনের তিলাওয়াত ও ইসলামী সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন নেছারাবাদে ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চাকে আরও উৎসাহিত করবে।