রাজধানীর মিরপুরে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনসহ পাঁচতলা একটি ভবনের মার্কেট দখলের অভিযোগ উঠেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজ’ পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর একটি পক্ষ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদকে সরিয়ে দিয়ে নতুন কমিটি গঠন করেছে বলে অভিযোগ করেছেন সাবেক সভাপতি ও সদস্যরা। তাঁদের দাবি, মার্কেটের দোকানভাড়া আদায় করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সদস্যদের হুমকি-ধমকি এবং হয়রানি করা হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি রুনু আক্তার। তাঁর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামাল হোসেন বরকতের বোন আনোয়ারা খাতুন।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৮৮ সালে গণপূর্ত বিভাগ থেকে বরাদ্দ পাওয়া ১৬ কাঠা জমিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সহযোগিতায় মিরপুরের সমাজসেবক ও শিক্ষানুরাগী কামাল হোসেন বরকত দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই বিনা বেতনে শিক্ষাদান এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বিএনপির সাবেক নেতা ও মিরপুরের সাবেক কমিশনার শওকত আলী মিস্টার। ২০০২ সালে তাঁর মৃত্যুর পর স্ত্রী রুনু আক্তার সভাপতির দায়িত্ব নেন। তিনিও দুইবারের সাবেক কমিশনার বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আনোয়ারা খাতুন অভিযোগ করেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেছিলেন। তবে ওই বছরের ২৩ আগস্ট বিদ্যালয়ের কার্যক্রম চলাকালে বেলা ১১টার দিকে একদল ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে জড়ো হন। তাঁরা নিরাপত্তাকর্মীকে মারধর করে ভেতরে প্রবেশ করেন।
আনোয়ারার অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় দিয়ে অমিত হাসান, রিফাতুল হক শাওন, মাসুদ রানা, সানজিদ হোসেন, সাদমান হোসেন, আসমা আক্তার পপি, আসাদ কামাল পিটার, বুশরা বিনতে বরকত ও এম এ আরজুসহ কয়েকজন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্যদের ওপর হামলা, মারধর ও গালাগাল করেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাঁদের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর প্রতিষ্ঠানের ৪৮ জন সদস্যকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নাম ব্যবহার করে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আসমা আক্তার পপিকে সভাপতি এবং আসাদ কামাল পিটারকে শিক্ষা সম্পাদক করা হয়েছে। অথচ তাঁরা প্রতিষ্ঠার পর থেকে ২০২৪ সালের ২৩ আগস্ট পর্যন্ত কখনো প্রতিষ্ঠানের সদস্য ছিলেন না। নতুন কমিটিতে অনেককে তাঁদের সম্মতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে রুনু আক্তার বলেন, বিদ্যালয় ভবনের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে পাওয়া ভাড়ার অর্থ দিয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন, প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়সহ অন্যান্য খরচ মেটানো হতো। কিন্তু প্রতিষ্ঠানটি দখলের পর দোকানমালিক ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ভাড়া আদায় করা হচ্ছে এবং সেই অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া বিদ্যালয়ের কয়েকটি কক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহার, সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, ভবনের ছাদে আড্ডা ও মাদক সেবন এবং বিভিন্ন ব্যক্তিকে আটকে রেখে মারধরের অভিযোগও করেন রুনু আক্তার।
তিনি বলেন, বর্তমানে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৈধ কাগজপত্র ও দীর্ঘদিনের সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে। সদস্যদের হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ, ঘটনার নিরপেক্ষ তদন্ত, মার্কেটের ভাড়া আদায়ের হিসাব প্রকাশ এবং প্রতিষ্ঠানটি আগের বৈধ পরিচালনা পর্ষদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সদস্যরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান দখল ও সেখানে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে তাঁরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় গেলেও সহযোগিতা পাননি। এ বিষয়ে জানতে চাইলে থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুই পক্ষের বিরোধ নিয়ে কাজ চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতন দখলের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। ‘বৈষম্যবিরোধী ছাত্র সমাজ’ নামে কোনো সংগঠন নেই বলেও মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের না চেনায় এ বিষয়ে মন্তব্য করতে চাননি বলে জানান আদিব।
অন্যদিকে, বর্তমান পরিচালনা কমিটির সভাপতি আসমা আক্তার পপি সংবাদ সম্মেলনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কামাল হোসেন বরকত তাঁর স্বামী। ওয়ারিশ সূত্রে তিনি প্রতিষ্ঠানের সভাপতি হয়েছেন। তাঁর দাবি, ওয়ারিশ হলে স্থায়ী সদস্য হওয়ার প্রয়োজন হয় না।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ৪৮ জন স্থায়ী সদস্যের মধ্যে আনোয়ার হোসেন, লিয়াকত আলী, মিসেস তাহমিনা হক, মো. ইকবাল হোসেন ও সিদ্দিকুর রহমান সবুজসহ ৩৮ জন উপস্থিত ছিলেন বলে আয়োজকেরা জানান।