পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি ও সময়ের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অপারেশনাল সক্ষমতা, পেশাগত দক্ষতা ও কৌশলগত প্রস্তুতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দেশব্যাপী আনসার ব্যাটালিয়নের সদস্যদের মনোবল, দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নে দুই সপ্তাহব্যাপী (১৪ দিন) আন্তঃব্যাটালিয়ন মনোবল ও দক্ষতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ সতেজকরণ প্রশিক্ষণ চলছে।
‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার, গণপ্রতিরক্ষা যুদ্ধকৌশল (PWD) সক্ষমতা অর্জনে মহাপরিচালকের মিশন বাস্তবায়ন’ শীর্ষক এ প্রশিক্ষণে সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, মনোবল, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি হরতাল, অবরোধ, সহিংস আন্দোলন, দাঙ্গা ও পিকেটিংসহ বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতিতে আইনানুগ ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের কৌশল শেখানো হচ্ছে।
প্রশিক্ষণে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি কার্যালয় ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং সম্ভাব্য সহিংসতা ও ক্ষয়ক্ষতি প্রতিরোধের বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া আত্মরক্ষার কৌশল, পরিস্থিতি মূল্যায়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মহাপরিচালকের নির্দেশনায় দেশব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আনসার ব্যাটালিয়নের সদস্যদের দক্ষতা, পেশাদারত্ব ও কৌশলগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, আধুনিক ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার পাশাপাশি জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকা আরও কার্যকর করার প্রত্যাশা করা হচ্ছে।