নারীর অধিকার, জেন্ডার সমতা ও নারী আন্দোলনকে আরও শক্তিশালী করতে গবেষণা, জ্ঞানচর্চা এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘জোবেদা হক জেন্ডার রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার’ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে সেন্টারটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মালেকা বানু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেন্টারটির পরিচালনা পর্ষদের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আয়েশা বানু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া।
বক্তব্যের পর সেন্টারের কার্যক্রমের অংশ হিসেবে স্নাতক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তিনটি ফেলোশিপ দেওয়ার ঘোষণা এবং আবেদনের নিয়মাবলি তুলে ধরেন বাংলাদেশ মহিলা পরিষদের সিনিয়র প্রশিক্ষণ ও গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদের সম্পাদক রীনা আহমেদ।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে জ্ঞান, তথ্য ও যোগাযোগের সুযোগ বাড়ার পাশাপাশি উন্নয়ন ও টেকসই অগ্রগতির প্রতিটি কর্মসূচিতে নারীর অন্তর্ভুক্তির গুরুত্বও বেড়েছে। তবে নারীর অধিকার নিশ্চিত না হলে নারীর উন্নয়ন টেকসই হবে না। তাই নারী আন্দোলনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এর গুণগত মান উন্নয়ন জরুরি।
তিনি বলেন, নারী আন্দোলনের কর্মীদের জ্ঞান, প্রজ্ঞা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বাড়াতে রিসোর্স সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেন্টারটিকে শুধু বাংলাদেশ মহিলা পরিষদের মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত করতে হবে। এতে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
প্রয়াত জোবেদা হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাঁর সংগ্রামী জীবন, অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা, ধৈর্য ও সমাজের প্রতি অবদানের কথা তুলে ধরেন। জোবেদা হকের আদর্শ ধারণ করে সেন্টারের কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় তিনি গবেষণার প্রতি জোবেদা হকের আগ্রহ এবং তাঁর অনুদানে পরিবারের অবদানের কথাও উল্লেখ করেন।
শুভেচ্ছা বক্তব্যে মালেকা বানু বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ একটি আন্দোলনমুখী সংগঠন হিসেবে সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্য দূর করতে দীর্ঘদিন ধরে কাজ করছে। আন্দোলন পরিচালনার পাশাপাশি নারী আন্দোলনের সংগঠক ও কর্মীদের দক্ষতা এবং সক্ষমতা বাড়ানোও সংগঠনের অন্যতম অগ্রাধিকার।
তিনি বলেন, নারী আন্দোলনের কর্মীদের জন্য রিসোর্স সেন্টারটি গুরুত্বপূর্ণ তথ্য ও জ্ঞানভান্ডার হিসেবে গড়ে উঠবে। নারী আন্দোলনের পথ কখনোই সরলরৈখিক নয়; নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এ আন্দোলনকে এগিয়ে নিতে হয়। পরিবর্তিত পরিস্থিতিতে আন্দোলনের লক্ষ্য অর্জন আরও কঠিন হয়ে উঠছে। তাই কর্মীদের দক্ষ, আত্মবিশ্বাসী ও জ্ঞানসমৃদ্ধ হতে হবে। রিসোর্স সেন্টারে জ্ঞানচর্চার পাশাপাশি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার বাস্তব প্রয়োগ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।
যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, জোবেদা হক জেন্ডার রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমে নতুন একটি মাইলফলক যুক্ত হলো। এটি সংগঠনের দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গে প্রাতিষ্ঠানিক গবেষণার সেতুবন্ধন তৈরি করবে।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ের কাজের বাস্তব অভিজ্ঞতাকে তাত্ত্বিক ও একাডেমিক গবেষণার সঙ্গে যুক্ত করাই এ কেন্দ্রের অন্যতম লক্ষ্য। এর ফলে শিক্ষা, সমাজ উন্নয়ন ও নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও তথ্যনির্ভর ও কার্যকর হবে। তরুণ গবেষকদের জন্য ফেলোশিপ চালুর উদ্যোগ নারীর মানবাধিকার রক্ষায় সংগঠনের দীর্ঘদিনের দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সেন্টারের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. আয়েশা বানু জেন্ডারবিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। নতুন প্রজন্মের তরুণদের বাংলাদেশ মহিলা পরিষদের সঙ্গে যুক্ত হয়ে ভবিষ্যতে নেতৃত্ব গ্রহণের আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলেন, রিসোর্স সেন্টারটি শুধু গবেষণার ক্ষেত্র নয়, মানসম্মত তথ্য ও জ্ঞানভান্ডার হিসেবেও গড়ে উঠবে। ফেলোশিপে আবেদনকারীদের গবেষণা প্রস্তাব তৈরির ক্ষেত্রে বৈজ্ঞানিক ভিত্তি, ছয় মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য লক্ষ্য, যথাযথ সাহিত্য পর্যালোচনা, সুস্পষ্ট গবেষণাপদ্ধতি এবং গবেষণার নতুনত্ব ও সম্ভাব্য ফলাফল তুলে ধরার পরামর্শ দেন তিনি।
গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন অধ্যাপক শান্তনু মজুমদার। গবেষণা প্রস্তাবে এআই কোন কাজে এবং কীভাবে ব্যবহার করা হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করার জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষণার মূল উদ্দেশ্য হওয়া উচিত গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ নিশ্চিত করা। কিন্তু প্রয়োজনীয় অর্থায়ন, গবেষণা-সম্পদ ও প্রাতিষ্ঠানিক সুযোগের অভাবে অনেক গবেষণার ফলাফল বাস্তবে কাজে লাগানো সম্ভব হয় না।
তিনি বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের সঙ্গে রিসোর্স সেন্টারের সংযোগ একাডেমিক গবেষণা ও নারী আন্দোলনের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে। গবেষণায় বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গবেষণালব্ধ তথ্য নারী অধিকার, জেন্ডার সমতা, আইন ও নীতিমালা প্রণয়ন, নীতিনির্ধারণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অ্যাডভোকেসি কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন ক্লাস্টারের প্রধান মাহিন সুলতানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেখা চৌধুরীসহ সংগঠনটির নেত্রী, সম্পাদকমণ্ডলীর সদস্য, কর্মকর্তা, তরুণী সদস্য ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় ৯০ জন অংশ নেন।