ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গত ১৯ অক্টোবর জারি করা আদেশ কার্যকর থাকছে।
বিশ্ববিদ্যালয়ের ওই আদেশের বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশন নং ১৫৩২১/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর হাইকোর্ট বিভাগ আদেশটির কার্যকারিতা স্থগিত করেন। হাইকোর্টের ওই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সিএমপি নং ১০৩৭/২০২৬ দায়ের করা হয়।
এর পরিপ্রেক্ষিতে বুধবার (১১ নভেম্বর) শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্ট বিভাগের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন।
চেম্বার জজ আদালতের এ আদেশের ফলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ১৯ অক্টোবর জারি করা গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিল-সংক্রান্ত আদেশ বহাল থাকল।
এদিকে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদরাসাকে এডহক কমিটি গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনা দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রশাসন।