ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘Practical Research Skills Development for Emerging MPhil and PhD Researchers at Islamic Arabic University’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগ সৃষ্টি দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গবেষণা শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ববিদ্যালয় ও দেশের মাদরাসা শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। গবেষণার মাধ্যমে মাদরাসা শিক্ষার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের পথ চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান বের করতে হবে।
তিনি বলেন, অঞ্চলভিত্তিক সমস্যা চিহ্নিত করে ক্লাস্টার পদ্ধতিতে গবেষণার বিষয় নির্ধারণ করা হবে। দেশি-বিদেশি অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে গবেষণার সুযোগ সৃষ্টির পাশাপাশি নির্বাচিত গবেষকদের জন্য এক বছর মেয়াদি বৃত্তি প্রদানের পরিকল্পনাও রয়েছে।
ভাইস চ্যান্সেলর আরও বলেন, প্রয়োজনে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষাবিদদের সম্পৃক্ত করে অনলাইনে ক্লাস ও গবেষণাবিষয়ক পরামর্শের ব্যবস্থা করা হবে। গবেষণার বিষয়বস্তু হিসেবে কোরআন তিলাওয়াতের শুদ্ধতা, আরবি ভাষায় দক্ষতা এবং আরবি বলা, লেখা ও শেখার কার্যকর পদ্ধতি উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে মাদরাসা শিক্ষার ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটিয়ে মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণার আগ্রহ সৃষ্টি করতে হবে।
কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার কুরআন ও সুন্নাহ স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার ড. তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহিদুল ইসলাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী।
এ ছাড়া উপস্থিত ছিলেন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. আ. হ. ম. নুরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম, মাদরাসা পরিদর্শক প্রফেসর ড. হুসাইন আহমাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. নওসের আলী এবং উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী।
কর্মশালায় এমফিল ও পিএইচডি পর্যায়ের গবেষকদের গবেষণাপদ্ধতিগত দক্ষতা উন্নয়ন, গবেষণার বিষয় নির্বাচন, গবেষণা তত্ত্বাবধান এবং গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।