ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ মাঠে আগামী ২১ নভেম্বর প্রস্তাবিত সমাবেশ বন্ধসহ মো. বরকত উল্লাহ খানের পরিবার, নিজ বসতবাড়ি, দরবার-এ-আলাইহি জামে মসজিদ ও নকশবন্দিয়া দরবার শরীফের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে HRCBM-এর প্রতিনিধিরা বলেন, নবাবগঞ্জের রামনাথপুরে মো. বরকত উল্লাহ খানের নিজ বসতবাড়ি, দরবার-এ-আলাইহি জামে মসজিদ ও নকশবন্দিয়া দরবার শরীফকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। এসব ঘটনার কারণে সংশ্লিষ্ট পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সংগঠনটির দাবি, গত ১২ নভেম্বর নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রামনাথপুর, গালিমপুরসহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়। পাশাপাশি প্রস্তাবিত সমাবেশকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কার কথাও তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে HRCBM-এর পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—আগামী ২১ নভেম্বর কোমরগঞ্জ মাঠে প্রস্তাবিত সমাবেশ বন্ধ করা, দরবার-এ-আলাইহি জামে মসজিদ ও নকশবন্দিয়া দরবার শরীফে পুলিশ মোতায়েন এবং নিয়মিত টহলের ব্যবস্থা করা, সংশ্লিষ্ট পরিবারের নিরাপদ বসবাস নিশ্চিত করা এবং মসজিদে নির্বিঘ্নে নামাজ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করা।
এ ছাড়া মো. বরকত উল্লাহ খানের ক্ষতিগ্রস্ত বসতবাড়ি, দরবার-এ-আলাইহি জামে মসজিদ ও নকশবন্দিয়া দরবার শরীফের আর্থিক ক্ষতিপূরণ ও সংস্কারের ব্যবস্থা, অতীতের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণ ও আদালতের কার্যকর আদেশ বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতার দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, HRCBM জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বিশেষ পরামর্শমূলক মর্যাদাপ্রাপ্ত একটি মানবাধিকার সংগঠন। সংগঠনটি মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তাদের দাবি কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়; বরং মানবাধিকার, নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে। উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির কনভেনর অ্যাডভোকেট লাকি বাছারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।