বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাঙামাটির কাপ্তাই লেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি-১ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। এ ছাড়া বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা প্রশাসক, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা মোট ২০ জন সাঁতারু অংশ নেন। তাঁদের মধ্যে পুরুষ ও নারী বিভাগে ৯ জন করে মোট ১৮ জন বাছাইকৃত সাঁতারু ছিলেন। পাশাপাশি স্বাগতিক হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা থেকে উভয় বিভাগে একজন করে আরও দুজন সাঁতারু অংশ নেন।
প্রতিযোগিতাটি কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে বিএফডিসি ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এতে পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।
পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ। দ্বিতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ।
নারী বিভাগে প্রথম হন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন। দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার এবং তৃতীয় হন বাংলাদেশ নৌবাহিনীর পলি খাতুন।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি বিজয়ী সাঁতারুদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন। এ ছাড়া সফলভাবে সাঁতার সম্পন্ন করা প্রত্যেক প্রতিযোগীকেও সনদ ও আর্থিক পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, দেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান সাঁতারু অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরিতে দীর্ঘদিন ধরে ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলের মেধাবী, সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে নৌবাহিনী ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে।
এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিভাবান সাঁতারুদের বিকাশের পাশাপাশি জাতীয় সাঁতার অঙ্গনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পথ সুগম হবে। প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিশ্বমানের সাঁতারু হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে তাঁরা অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে প্রত্যাশা নৌবাহিনীর। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনে এ ধরনের প্রতিভা অন্বেষণ ও বিকাশমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছে সংস্থাটি।