অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) লালমনিরহাট ক্যাম্পাসে দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬ (এনএজিসি-২০২৬) সম্পন্ন হয়েছে। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।
সমাপনী অনুষ্ঠানে লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, এএইউবির উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা প্রতিযোগী শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকেরা অনুষ্ঠানে যোগ দেন।
অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও মহাকাশপ্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ তৈরি, তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার বিকাশ এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীল ধারণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও বাস্তবসম্মত সমাধান তুলে ধরেন।
সমাপনী দিনের শুরুতে এএইউবির উপাচার্য বলেন, জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার প্রথম আয়োজনেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে, নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি গভীর আগ্রহ ও বিপুল সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি প্রতিযোগিতা আয়োজন করা নয়; বরং তরুণ মেধাকে খুঁজে বের করা, তাদের ধারণাকে গবেষণা ও বাস্তব প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং ভবিষ্যতে দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও মহাকাশপ্রযুক্তি খাতে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার জন্য একটি ধারাবাহিক প্ল্যাটফর্ম সৃষ্টি করা।”
উপাচার্য অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানান। বিজয়ী না হলেও প্রতিটি উদ্ভাবনী প্রচেষ্টাকে ভবিষ্যৎ সাফল্যের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় প্রয়োজনকে সামনে রেখে নতুন ও কার্যকর সমাধান উদ্ভাবনে উৎসাহিত করে। ড্রোন, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ভবিষ্যতে দুর্যোগের পূর্বাভাস, উদ্ধার কার্যক্রম, কৃষি, যোগাযোগ, নিরাপত্তা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি তরুণদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি গবেষণা, অধ্যবসায় ও উদ্ভাবনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এএইউবিকে কেন্দ্র করে লালমনিরহাটে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ২৭টি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭৪টি দল ও ২৯৬ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবটিক্স বিভাগে চারটি দলের ৩০ জন প্রতিযোগী অংশ নেন।
চারটি বিভাগের বিজয়ী দলগুলো হলো—
রোটরক্রাফট: প্রথম স্থান অর্জন করে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ‘ইরফান এফপিভি’। দ্বিতীয় হয় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘টিম ভর্টেক্স’।
ফিক্সড উইং: প্রথম স্থান অর্জন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ‘ড্রাগন ফ্লাই’। দ্বিতীয় হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘অ্যারো ভেনম’।
সকার বট: প্রথম স্থান অর্জন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘ব্ল্যাক সাবের’। দ্বিতীয় স্থান অর্জন করে সিংগুলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
স্পেস রোবটিক্স: প্রথম স্থান অর্জন করে গ্রিন ইউনিভার্সিটির ‘মার্স রোভার টিম’। দ্বিতীয় স্থান যৌথভাবে অর্জন করে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ‘রোভার ৭১’ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম অগ্রদূত’।
প্রধান অতিথি বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলকে তাদের উদ্ভাবনী প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান।
দুই দিনের এ আয়োজনের মধ্য দিয়ে এনএজিসি-২০২৬ শুধু একটি প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকেনি; বরং দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জ্ঞান বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে কাজ করার জাতীয় মিলনমঞ্চ হয়ে উঠেছে।
এএইউবি আশা করছে, এ প্রতিযোগিতা থেকে উঠে আসা মেধা ও উদ্ভাবনী ধারণাগুলো ভবিষ্যতে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, শিল্পায়ন ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি বাংলাদেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পুরস্কার বিতরণ ও ফটোসেশনের মধ্য দিয়ে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।