বায়ার্ন মিউনিখের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। ক্যারিয়ারের অন্যতম বড় অর্জনের পর ইংল্যান্ডের এই তারকা জানালেন, মাঠের খেলায় রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড করিম বেনজেমাকে অনুসরণ করেন তিনি। দুজনের শারীরিক গড়নে পার্থক্য থাকলেও খেলার বুদ্ধিমত্তা, জায়গা তৈরি এবং সতীর্থদের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে মিল খুঁজে পান কেইন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বেনজেমার ভূয়সী প্রশংসা করেন বায়ার্নের এই ফরোয়ার্ড। বিশেষ করে ২০২২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ফরাসি স্ট্রাইকারের পারফরম্যান্স তাঁকে মুগ্ধ করেছিল। কেইনের ভাষায়, বেনজেমা অসাধারণ একজন খেলোয়াড়। তিনি সব সময়ই তাঁর বড় ভক্ত। ২০২২ সালে রিয়ালের হয়ে বেনজেমা যা করেছেন, তা ছিল সত্যিই অসাধারণ।
কেইনের মতে, একজন স্ট্রাইকারের কাজ শুধু প্রতিপক্ষের বক্সে অবস্থান করে গোলের অপেক্ষা করা নয়। প্রয়োজনে মাঝমাঠে নেমে খেলা তৈরি করা এবং সতীর্থদের আক্রমণে যুক্ত করাও গুরুত্বপূর্ণ। এই জায়গাতেই বেনজেমার সঙ্গে নিজের মিল খুঁজে পান তিনি।
মাঝমাঠে নেমে বলের নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণে নতুন পরিস্থিতি তৈরি করেন কেইন। তাঁকে অনুসরণ করতে রক্ষণভাগের খেলোয়াড়রা এগিয়ে এলে পেছনে ফাঁকা জায়গা তৈরি হয়। আবার তাঁকে ছেড়ে দিলে পাস বাড়ানো কিংবা দূর থেকে শট নেওয়ার সুযোগ পান তিনি।
নিজের খেলার ধরন ব্যাখ্যা করে কেইন বলেন, নিচে নেমে খেললে তিনি তুলনামূলক বেশি স্বাধীনতা পান। অনেক সময় ১০ নম্বর পজিশনে খেলেন তিনি। প্রতিপক্ষের রক্ষণভাগ পেছনে সরে গেলে বক্সের বাইরে থেকে শট নেওয়ার সুযোগ তৈরি হয়, যা তাঁর অন্যতম শক্তি।
গোল করার পাশাপাশি আক্রমণ গড়ে তোলায়ও সমান গুরুত্ব দেন কেইন। আর এই বহুমুখী ভূমিকাতেই বেনজেমার খেলার ধরনের সঙ্গে নিজের মিল খুঁজে পান ইংল্যান্ড অধিনায়ক।