বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই ফরম্যাটেই নেতৃত্বে থাকছেন ভিন্ন দুই ক্রিকেটার। ওয়ানডে দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কেশভ মহারাজ, আর টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন বর্ন ফরচুইন। দুই সিরিজের দলেই রয়েছে একাধিক পরিবর্তন।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে পায়ের মাংসপেশিতে চোট পান দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা। এ কারণে ওয়ানডে দলে জায়গা হয়নি তাঁর। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মহারাজ। ওয়ানডে সিরিজের দায়িত্ব পাওয়ায় তাঁকে দ্বিতীয় টেস্টের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
দ্বিতীয় টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকার দলে ডাক পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার সেনুরান মুথুসামি। বাভুমা না থাকায় সেঞ্চুরিয়নে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে এনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জিকে। তবে তিনজনই রয়েছেন ওয়ানডে সিরিজের দলে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটে আর খেলেননি ডানহাতি পেসার নরকিয়া।
বাভুমার পাশাপাশি ওয়ানডে সিরিজে থাকছেন না মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো জানসেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন লুঙ্গি এনগিডি। পেস আক্রমণে তাঁর সঙ্গে থাকবেন নরকিয়া, বশ, জেরাল্ড কোয়েটজে, ডুয়ান জানসেন ও এনকোবানি মোকোয়েনা।
ব্যাটিং বিভাগে দক্ষিণ আফ্রিকার ভরসা কুইন্টন ডি কক, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ত্রিস্তান স্টাবস। দলে ফিরেছেন সিনেথেম্বা কোয়েশাইলও। ২০২৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলা এই ব্যাটার ঘরোয়া টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সের সুবাদে আবারও সুযোগ পেয়েছেন। সাত ইনিংসে ২৭৭ রান করার পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ১৯৭.৮৫। এর মধ্যে রয়েছে ১৪ বলে ফিফটি, যা ঘরোয়া টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্রুততম অর্ধশতকের রেকর্ড।
অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন বর্ন ফরচুইন। চোট কাটিয়ে এই দলে ফিরেছেন তরুণ পেসার কেনা মাফাখা।
টেস্ট সিরিজ শেষে আগামী ১, ৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল:
কেশভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বর্ন ফরচুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, এনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কোয়েশাইল ও ত্রিস্তান স্টাবস।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল:
বর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজে, কনর এস্তারুইজেন, দোনোভান পেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কেনা মাফাখা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কোয়েশাইল, ত্রিস্তান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।