দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট পরিচালকের দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ মালিক জিএমআর স্পোর্টস তাঁকে ডিরেক্টর অব ক্রিকেট পদে নিয়োগ দিয়েছে।
নতুন দায়িত্বে ক্যাপিটালসের সব দলের ক্রিকেটীয় কার্যক্রম তদারকি করবেন জয়াবর্ধনে। এর মধ্যে রয়েছে আইপিএলের দিল্লি ক্যাপিটালস, আইএল টি-টোয়েন্টির দুবাই ক্যাপিটালস, মেজর লিগ ক্রিকেটের সিয়াটল অর্কাস এবং দ্য হানড্রেডের সাউদার্ন ব্রেভ।
জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ গ্রুপ যৌথভাবে দিল্লি ক্যাপিটালসের পুরুষ ও নারী দল পরিচালনা করে। দুই প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্ব ভাগাভাগির চুক্তি অনুযায়ী, ২০২৭ ও ২০২৮ মৌসুমে পুরুষদের আইপিএল দল পরিচালনার দায়িত্ব থাকবে জেএসডব্লিউর হাতে। অন্যদিকে নারী দলসহ ফ্র্যাঞ্চাইজির বাকি কার্যক্রম দেখভাল করবে জিএমআর। ফলে ওই দুই মৌসুমে দিল্লির নারী দলের ক্রিকেটীয় কার্যক্রমও তদারকি করবেন জয়াবর্ধনে।
এর আগে আইপিএলের সর্বশেষ মৌসুম পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি। খেলোয়াড় হিসেবে আইপিএলে তাঁর শেষ দলও ছিল দিল্লি। ২০১২ ও ২০১৩ মৌসুমে দলটির হয়ে খেলেছিলেন তিনি। জয়াবর্ধনেকে নিয়োগের মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সাবেক ক্রিকেট পরিচালক ভেনুগোপাল রাওয়ের সঙ্গে জিএমআরের সম্পর্কের ইতি ঘটল।
দিল্লির হয়ে নতুন দায়িত্বে জয়াবর্ধনের প্রথম কাজ শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ২১ নভেম্বর শুরু হতে যাওয়া আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের কার্যক্রম তদারকি করবেন তিনি। এ দলে তাঁর সঙ্গে কাজ করবেন সাবেক সতীর্থ লাসিথ মালিঙ্গা। দলটির পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন মালিঙ্গা।
এরপর আগামী ৭ জানুয়ারি ভারতে শুরু হতে যাওয়া নারী আইপিএল হবে জয়াবর্ধনের সামনে বড় পরীক্ষা। টুর্নামেন্টের আগের চার আসরেই ফাইনালে উঠেছিল দিল্লি ক্যাপিটালসের নারী দল। তবে কোনোবারই শিরোপা জিততে পারেনি তারা। নতুন দায়িত্বে দলটির সেই শিরোপা-খরা কাটানোও জয়াবর্ধনের অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।