বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের আয়োজন এবং এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিদেশি ক্রিকেটার ও কোচরা। মাঠ, উইকেট, অবকাঠামো থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা—সবকিছুরই প্রশংসা করেছেন ভারত ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা। বিশেষ করে বৃষ্টির পর অল্প সময়ের মধ্যে মাঠ খেলার উপযোগী হয়ে ওঠার বিষয়টি তাঁদের নজর কেড়েছে।
ভারতের অলরাউন্ডার সঞ্জয় কুমার সাহার চোখে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ও মাঠ দুটিই বেশ ভালো। অল্প কয়েক বছরের ব্যবধানে ভেন্যুটির অবকাঠামোগত উন্নয়ন তাঁকে বিস্মিত করেছে।
সঞ্জয় জানান, তাঁর সতীর্থদের কয়েকজন ২০২১ সালে এই ভেন্যুতে এসেছিলেন। তখন সেখানে উল্লেখযোগ্য কোনো অবকাঠামো ছিল না। অথচ পাঁচ-ছয় বছরের ব্যবধানে গড়ে উঠেছে আধুনিক ক্রিকেট আয়োজনের উপযোগী স্থাপনা।
সঞ্জয় বলেন, ‘পিচ খুব ভালো। এখানকার সুযোগ-সুবিধাও অনেক ভালো। উইকেট, মাঠ, গ্রাউন্ডসম্যানদের কাজ এবং স্টেডিয়াম সবকিছুই খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমাদের বন্ধুরা জানিয়েছেন, তারা ২০২১ সালে এখানে এসেছিলেন। তখন কোনো অবকাঠামো ছিল না। কিন্তু পাঁচ-ছয় বছরের মধ্যে এখানে দারুণ একটি অবকাঠামো দাঁড়িয়ে গেছে।’
মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থাও বিশেষভাবে মুগ্ধ করেছে ভারতীয় এই অলরাউন্ডারকে। সাম্প্রতিক বৃষ্টির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মাঠে এখন এত বৃষ্টি হচ্ছে, কিন্তু আধা ঘণ্টা বৃষ্টি থামলেই ম্যাচ খেলার উপযোগী হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন, এখানে কত ভালো মাঠ ও পিচ রয়েছে। ব্যবস্থাপনাও খুব ভালো। এখানকার ম্যানেজমেন্ট দারুণ কাজ করেছে।’
ভারতে ব্লাইন্ড ক্রিকেটের বিস্তৃতি নিয়েও কথা বলেন সঞ্জয়। তাঁর তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ২৯টি দল রয়েছে। খেলোয়াড়দের পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকেও এই খেলার জন্য ভালো সমর্থন পাওয়া যাচ্ছে।
আনভীর স্টেডিয়াম ও বাংলাদেশের আয়োজনের প্রশংসা করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুতু পেরেরাও। তাঁর ভাষ্য, এশিয়া কাপে অংশ নিতে নানা বাধা পেরিয়ে বাংলাদেশে আসতে হয়েছে তাঁদের। শেষ পর্যন্ত তরুণ দল নিয়ে টুর্নামেন্টে খেলতে পারায় সন্তুষ্ট তিনি। এ ক্ষেত্রে দলের ম্যানেজার ও কোচদের সহযোগিতার কথাও উল্লেখ করেন।
দিমুতু বলেন, ‘বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ান কাপে অংশ নেওয়ার জন্য যেদিন আমাদের জানানো হয়েছিল, সেদিন থেকেই যেভাবেই হোক চেষ্টা করে অনেক কষ্ট করে এই সফরে এসেছি। আমাদের ম্যানেজাররা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং অনেক চেষ্টা করেছেন। কোচরাও আমাদের সাহায্য করেছেন। সবকিছু সামলে আমরা এবার একটি তরুণ দল নিয়ে এখানে আসতে বাধ্য হয়েছি।’
তরুণদের জন্য এই টুর্নামেন্টকে অভিজ্ঞতা অর্জনের বড় মঞ্চ হিসেবে দেখছেন শ্রীলঙ্কার অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা এই তরুণ দল নিয়েই নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলেছি। তারা এখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। বাংলাদেশ চমৎকারভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছে এবং আমাদের যথেষ্ট সহযোগিতা দিয়েছে। এখানকার মাঠগুলো অসাধারণ। হোটেল থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধাই পেয়েছি। সব মিলিয়ে খুব ভালো লেগেছে।’
শ্রীলঙ্কার কোচ নিলাংকা কান্ডিগামও টুর্নামেন্টটিকে ভবিষ্যতের দল গঠনের সুযোগ হিসেবে দেখছেন। ব্যক্তিগত ও অন্যান্য সমস্যার কারণে দলের কয়েকজন ভালো খেলোয়াড় এবার অংশ নিতে পারেননি। তবে নতুনদের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য দল প্রস্তুত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
নিলাংকা বলেন, ‘আমরা উন্নতি করতে পারছি এবং আমাদের উন্নতি হচ্ছে। আমাদের বেশ কয়েকজন বিশ্বমানের ভালো খেলোয়াড় রয়েছে, যারা ব্যক্তিগত সমস্যা ও অন্যান্য কারণে এবার আসতে পারেনি। আগামীতে তারা এসে দলে যোগ দেবে এবং ভালো পারফর্ম করবে।’
বিদেশি খেলোয়াড় ও কোচদের এমন ইতিবাচক অভিজ্ঞতায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো, মাঠের মান এবং আয়োজকদের ব্যবস্থাপনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। আবাসন থেকে শুরু করে মাঠের পরিচর্যা—সব মিলিয়ে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ আয়োজনের অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট সফরকারী দলগুলোর প্রতিনিধিরা।