দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয় ঘটিয়ে সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণের পাশাপাশি প্রতিষ্ঠানটির ইতিহাস ও ঐতিহ্যের কথাও তুলে ধরেন।
শিক্ষাব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেই ভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।’
বক্তব্যে দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল অবদানের কথা স্মরণ করেন তিনি। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে ঢাকা কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।