বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে স্লোভেনিয়া। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে বিনিয়োগ, সংসদীয় যোগাযোগ এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তাঁর দেশের আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশ ও স্লোভেনিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেছিলেন। দেশটির তৎকালীন রাষ্ট্রপতি মার্শাল টিটো আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশ ঘটে।
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর এ অঞ্চলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি। ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় মুক্তিযুদ্ধের সূচনা হয়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ বাধাগ্রস্ত হয়েছে। বিভিন্ন সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসন গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করেছে। তাঁর অভিযোগ, গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ওই শাসনের অবসান ঘটে।
স্পিকারের ভাষ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের পর্যবেক্ষক দল নির্বাচনটি পর্যবেক্ষণ করেছে। তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে স্লোভেনিয়া সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকটের সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান স্পিকার।
সাক্ষাতে স্লোভেনিয়ার দূতাবাস এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।