একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ৪টির বরাদ্দ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর

2026-11-18T16:29:11+00:00
2026-11-18T16:29:11+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ৪টির বরাদ্দ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায়
নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম 
একনেকে ১৬ প্রকল্প অনুমোদন, ৪টির বরাদ্দ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায়
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে চারটি প্রকল্প রয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর নির্বাচনী এলাকা জয়পুরহাটকে ঘিরে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকা।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।

মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি এবং কৃষি, প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি করে প্রকল্প রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর জেলা জয়পুরহাটের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প ‘মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’। সার্ভিস লেনসহ সড়কটি চার লেনে উন্নীত করতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৩৭ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে চলতি বছরের নভেম্বর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে।

এ ছাড়া জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করতে ৪৭২ কোটি ৩৬ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।

জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনীতে ব্যয় ধরা হয়েছে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির মেয়াদ নির্ধারিত রয়েছে।

অন্যদিকে, জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত এটি বাস্তবায়নের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন থাকলেও একটি নির্দিষ্ট জেলাকে ঘিরে একনেকের সভায় একাধিক প্রকল্প অনুমোদন পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বক্তব্য জানতে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, অতীতেও প্রভাবশালী মন্ত্রী ও আমলাদের নিজ এলাকায় উন্নয়ন প্রকল্প নেওয়ার প্রবণতা দেখা গেছে। বিগত সরকারের সময়ে সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর নিজ জেলা কুমিল্লায় এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে বিভিন্ন প্রকল্প অনুমোদনে অগ্রাধিকার দিতেন। সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের নিজ জেলা মেহেরপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর রেলপথসহ একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছিল।

এ ছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের আগ্রহে আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ সেতু প্রকল্প অনুমোদন পায়। আওয়ামী লীগ সরকারের শেষ একনেক সভায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের এলাকায় মেঘনা-ধনাগোদা নদীর ওপর ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয়ে ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে অবশ্য প্রকল্পটি বাতিল করা হয়।

অনুমোদিত ১৬ প্রকল্প

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি প্রকল্প হলো—উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ; জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধন); ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণের প্রথম পর্যায়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প হলো—দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি; জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদের ভাঙন প্রতিরোধ; সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা এবং মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো—জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক উন্নীতকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন’ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঢাকা এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।

সভায় পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্পের বিষয়েও একনেককে অবহিত করা হয়। এর মধ্যে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, মিরকাদিমে গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা, রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে কংক্রিটের সেতু নির্মাণ এবং দুর্গম পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তিতে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ উল্লেখযোগ্য।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: