পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও পরিবারের মৌলিক চাহিদা বিবেচনায় ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের জন্য সম্মানজনক জীবনযাপনের সুযোগ রাখতে হলে মজুরি কাঠামোতে এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এ প্রস্তাব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে সম্ভাব্য মজুরির তিনটি স্তর তুলে ধরা হয়েছে। প্রথম হিসাব অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির ক্রয়ক্ষমতা বর্তমান বাজারেও ধরে রাখতে হলে ন্যূনতম মজুরি হতে হবে ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এতে শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়বে না; শুধু আগের ক্রয়ক্ষমতা বজায় থাকবে।
দ্বিতীয় হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারের উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে জীবনযাপনের ন্যূনতম ব্যয় মেটাতে একজন আয়কারীর মাসিক আয় প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।
তৃতীয় হিসাবে, খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাসহ অন্যান্য মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে সম্মানজনক জীবনযাপনের জন্য একজন শ্রমিকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক চাপের মধ্যে মজুরি নির্ধারণে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা সংঘাতময় পরিস্থিতি তৈরি করা উচিত নয়। বরং নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তাঁর মতে, শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের মুখে তড়িঘড়ি করে মজুরি বোর্ড গঠন দীর্ঘমেয়াদে সংকটের সমাধান করে না।
২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরের অক্টোবরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নামেন। পরে সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। শ্রমিক পক্ষ থেকে বোর্ডে ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো পাওয়া যায়নি।
নাজনীন আহমেদ বলেন, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকঋণের সুদের হার, গ্যাস-বিদ্যুতের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে পোশাকের দরপতনের কারণে মালিকপক্ষ বাড়তি মজুরির চাপ বহন করা কঠিন বলে জানিয়েছে। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিরা বলছেন, খাদ্য ও বাসস্থানের ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
পোশাক খাতে স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে কয়েকটি সুপারিশও দিয়েছে সিপিডি। এর মধ্যে রয়েছে, মজুরি পুনর্নির্ধারণের অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন, আবেগ বা চাপের পরিবর্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নির্ভরযোগ্য উপাত্ত ব্যবহার।
এ ছাড়া শ্রমিক পরিবারের প্রকৃত সদস্যসংখ্যা ও আয়কারীর সংখ্যা বিবেচনায় নেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত ১১টি মানদণ্ড—যেমন মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও ব্যবসার সক্ষমতা—মূল্যায়নে সুনির্দিষ্ট পরিমাপক ও পদ্ধতি তৈরির কথাও বলেছে সিপিডি।
আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে ন্যায্যমূল্য দেওয়া এবং শ্রম ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সোর্সিং নীতিতে পরিবর্তন আনার সুপারিশও রয়েছে।
সিপিডির মতে, ২০২৯ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে কারখানায় শোভন কাজের পরিবেশ ও জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা জরুরি। ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান বাজারে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার ক্ষেত্রেও এসব বিষয় গুরুত্বপূর্ণ।