জাতীয় গ্রিডে প্রথমবার যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

2026-11-17T16:54:33+00:00
2026-11-17T19:36:21+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
জাতীয়
পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু
জাতীয় গ্রিডে প্রথমবার যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ৭:৩৬ পিএম
ফাইল ছবি
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে এই বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়। প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে। তবে নিয়মিত ও স্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে আরও সময় লাগবে।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে আগামী ২১ নভেম্বর অথবা চলতি মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ও গ্রিড সংযোগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।

এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে আরও কিছু পরীক্ষা চালানো হবে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের সময় জাতীয় গ্রিডের আচরণ, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং বিভিন্ন যন্ত্রের পারস্পরিক সমন্বয় পর্যবেক্ষণ করা হবে। কোনো কারিগরি জটিলতা দেখা দিলে সঙ্গে সঙ্গে গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরীক্ষা শেষে কেন্দ্রটি বন্ধ রেখে পরবর্তী কারিগরি কার্যক্রম চালানো হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর, টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের প্রস্তুতিও সম্পন্ন। এখন জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় যাচাইয়ের মাধ্যমে কমিশনিং প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে নেওয়া হচ্ছে।

পরীক্ষার সময় গ্রিডের ফ্রিকোয়েন্সি, বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং কেন্দ্রের বিভিন্ন যন্ত্রের কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে।

রূপপুর প্রকল্পের পটভূমি

২০১৩ সালের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২০১৭ সালের ৩০ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন।

রাশিয়ার সহযোগিতায় নির্মাণাধীন এ বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: