মজুরি বোর্ডের সভা স্থগিতের প্রতিবাদ এবং মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকেরা। তাঁদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এতে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে না ফিরে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করেন।
অবরোধ চলাকালে শ্রমিকেরা বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।