বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের যোগ্যতা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)। এর ফলে দেশে মার্কিন বিনিয়োগ বাড়ানো, বেসরকারি খাতের পুঁজি সংগ্রহ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে সরকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশে প্রকল্পগুলোকে ডিএফসির অর্থায়নের আওতায় আনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার ইতিবাচক প্রতিফলন এই সিদ্ধান্ত। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করা এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
ডিএফসির অর্থায়নের যোগ্যতা পাওয়ায় বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং বেসরকারি খাতের অর্থায়নের সুযোগ বাড়বে বলে আশা করছে সরকার। এর মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়ন সহজ হতে পারে। পাশাপাশি বাংলাদেশে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলেও মনে করছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের প্রতি আন্তর্জাতিক মহলের বাড়তি আস্থার প্রতিফলন এই সিদ্ধান্ত। বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং শ্রমমান শক্তিশালী করতে সরকারের নেওয়া উদ্যোগও এতে স্বীকৃতি পেয়েছে।
ডিএফসির অর্থায়নের সুযোগকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে সরকার কাজ করতে আগ্রহী। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের জনগণের জন্য অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করাও সরকারের লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।