এসএসসি ও এইচএসসিসহ পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে প্রশ্নপত্র ছাপানোর পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। নতুন ব্যবস্থায় পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রশ্ন প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা গ্রহণের প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হবে।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বক্তব্যের বিষয়টি জানানো হয়।
শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি, তা নয়। এ পরিস্থিতি মোকাবিলায় প্রশ্ন মডারেশনসহ পুরো পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে সরাসরি প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে সরকার।
শিক্ষাব্যবস্থার পরিবর্তনের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এরই মধ্যে পরীক্ষা আইনেও সংশোধন আনা হয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি জাতির অগ্রগতি সম্ভব নয়। বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদই সবচেয়ে বড় সম্পদ। তাই সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে হবে।
বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে তিনি খুঁজে পাননি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই চিত্র দেখেছেন। সেখানে মাত্র তিনজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যমের বলে হাত তুলেছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে আহ্বান জানিয়েছেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থীই এখন বৈশ্বিক নাগরিক। মেধাবীদের কোনো ভিসা বা নির্দিষ্ট ঠিকানার প্রয়োজন হয় না। বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রচলিত শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে।
শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, আগে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার কোটি টাকা। এবার তা বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা করা হয়েছে। ভবিষ্যতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার লক্ষ্য রয়েছে।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রী এ খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিজ্ঞান ও নার্সিংয়ের মতো বিষয় যুক্ত করা হচ্ছে। দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ফেসবুকে অনেক সময় ছোট বিষয়কে বড় করে উপস্থাপন করা হয়। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।