২০২৭ সালের হজে সৌদি আরবের বাড়তি অনুমোদিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটার বিপরীতে নতুন করে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে।
রোববার (১৫ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছরের জন্য বাংলাদেশকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়া হয়েছিল।
পরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা বাড়িয়েছে সৌদি আরব। এ ছাড়া সরকারি ব্যবস্থাপনায় বরাদ্দ করা কিছু আসন অব্যবহৃত রয়েছে। এসব বর্ধিত ও অব্যবহৃত আসনের বিপরীতেই নতুন করে প্রাথমিক নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের বাকি অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে তাঁদের প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।