দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি। মাদক চোরাচালান ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় এসব কথা বলেন মন্ত্রী। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সভায় মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস শনাক্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। মাদক ব্যবসার সঙ্গে যুক্ত অর্থনৈতিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের প্রবাহ অনুসন্ধানেরও সুপারিশ করেন তিনি।
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম সীমান্তে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন। তাঁর মতে, উন্নত দেশগুলোর আদলে সীমান্ত নজরদারিতে আধুনিক প্রযুক্তি এবং ড্রোন ব্যবহারের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
আরেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি। এটি শুধু কোনো মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়; বরং জাতীয়ভাবে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের রুট চিহ্নিত করার বিষয়েও আলোচনা হয়।
মাদক পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের বিষয়টি পর্যালোচনা করেন কমিটির সদস্যরা।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সংশ্লিষ্ট অধিদপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা সভায় অংশ নেন।