দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের প্রস্তুতির অংশ হিসেবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপে বসবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, পাঁচ ধাপে ইউপি নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখার কারণ ব্যাখ্যা করে সানাউল্লাহ বলেন, আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এই ধাপে অন্তর্ভুক্ত করা যাবে। কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রথম ধাপের ভোটের সম্ভাব্য সময় প্রসঙ্গে তিনি বলেন, ২১ জানুয়ারিকে কেন্দ্র করে প্লাস-মাইনাস ৫০ দিনের মধ্যে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ বিষয়ে সময়সূচি ঘোষণা করবেন।
১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
ইউপি নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন। সানাউল্লাহ জানান, নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানানো হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে।
জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একই ধরনের আলোচনা করতে চায় কমিশন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলোতে দলগুলোর মতামত নেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ার আশঙ্কা আছে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, কমিশন তেমনটা মনে করছে না। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়ক হতে পারে।
তফসিলের দিন কার্যকর আইনেই ভোট
নির্বাচন আইন সংশোধনের সুপারিশ থাকলেও আসন্ন নির্বাচন কোন আইনে হবে, সে বিষয়ে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুসারেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে কি না, এমন প্রশ্নে তিনি জানান, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি। তবে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা, পর্যাপ্ততা এবং সংশ্লিষ্ট এলাকায় তাদের কার্যকারিতা বিবেচনায় নিয়ে দায়িত্ব বণ্টন করবে বলেও জানান তিনি।
স্মার্ট কার্ড ছাপায় সফটওয়্যার জটিলতা
কমিশন সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ও স্মার্ট কার্ড ছাপানোর সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে। সানাউল্লাহ জানান, গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে জটিলতা দেখা দিয়েছে। তবে এতে এনআইডির কোনো সেবা বন্ধ হয়নি।
তিনি বলেন, সফটওয়্যারের সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যেকোনো সময় তা সমাধান হতে পারে। কারও এনআইডি অনুমোদিত হলে তিনি ওয়েবসাইট থেকে নিজেই তা প্রিন্ট করে লেমিনেট করে ব্যবহার করতে পারবেন।
এনআইডি সেবার চুক্তি নবায়ন না হওয়া এবং পুরোনো অডিট আপত্তির বিষয়টিও কমিশন সভায় আলোচনায় এসেছে। সানাউল্লাহ বলেন, চুক্তির মেয়াদ শেষ হলেও তা নবায়ন করা হয়নি। পাশাপাশি একটি অডিট আপত্তিও অনিষ্পন্ন রয়েছে। এসব জটিলতা নিরসনের উপায় খুঁজছে কমিশন।
তিনি জানান, কিছু কাজ বর্তমানে চুক্তি ছাড়াই চলছে। ভবিষ্যতে কমিশনের সব কার্যক্রম চুক্তির আওতায় পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র সেবা একটি গুরুত্বপূর্ণ জাতীয় সেবা হওয়ায় তা বন্ধ রাখা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
গাজীপুর থেকে শুরু হবে ইভিএম নিষ্পত্তির কাজ
ভবিষ্যতে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্তের পর সংরক্ষিত মেশিনগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নিয়ে কাজ করছে কমিশনের গঠিত একটি কমিটি। সোমবারের সভায় কমিটির অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়েছে।
সানাউল্লাহ জানান, গাজীপুর থেকে ইভিএমের সংখ্যা ও অবস্থা যাচাইয়ের কাজ শুরু হবে। সেখানে সবচেয়ে বেশি ইভিএম সংরক্ষিত রয়েছে। মাঠপর্যায়ে বিভিন্ন স্তরে মেশিনগুলোর হিসাব ও অবস্থা নিরূপণের পর কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইভিএম নিষ্পত্তিতে পরিবেশগত ঝুঁকি ও আর্থিক ক্ষতির বিষয়টি এখনো কমিশনের আলোচনায় আসেনি বলে জানান তিনি। কমিটির সুপারিশ পাওয়ার পর কোন পদ্ধতিতে মেশিনগুলো নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণ করা হবে।
ইভিএম নিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, তদন্ত কমিশন ও দুর্নীতি দমন কমিশনের বিভিন্ন কার্যক্রমের কথাও উল্লেখ করেন সানাউল্লাহ। এসব প্রক্রিয়া নিষ্পত্তির পর ইভিএমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইভিএম-সংক্রান্ত একটি প্রতিষ্ঠানের ২৩ কোটি টাকা পাওনা পরিশোধের বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে সানাউল্লাহ বলেন, আগের কমিশন নির্দিষ্ট কিছু কারণে ওই অর্থ পরিশোধ স্থগিত রেখেছিল। সেই সিদ্ধান্তের ভিত্তি ও বিষয়টির পূর্ণাঙ্গ অবস্থা না জেনে বর্তমান কমিশন তা পরিবর্তন করতে চায় না।
এনআইডি সেবা নিয়ে কর্মশালা
জাতীয় পরিচয়পত্র সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে আগামী পরশু কর্মশালার আয়োজন করবে নির্বাচন কমিশন। এতে সেবাগ্রহীতাদের পাশাপাশি কমিশনের অভ্যন্তরীণ ও বাইরের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় নিয়ে আলোচনা হবে।
সানাউল্লাহ জানান, কর্মশালায় সাংবাদিকদের প্রতিনিধিরাও অংশ নেবেন। নির্বাচন কমিশনের ১২ জন আরএফইডি সদস্যের মধ্যে ১০ জনের উপস্থিত থাকার কথা রয়েছে।