গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ে বিজিবির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সর্বোচ্চসংখ্যক সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমেও মাঠপর্যায়ের কার্যক্রমের ভিডিও ধারণ ও নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রমের পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়াই এ নজরদারির লক্ষ্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মানুষের জানমালের সুরক্ষায় কাজ করছেন।
দায়িত্ব পালনে বিজিবি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতেও বিজিবি প্রস্তুত রয়েছে। সরকার অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনে বাহিনীটি বদ্ধপরিকর।