জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) সংসদ অধিবেশনের বিরতিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের সঙ্গে আলাপকালে এসব পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে আগ্রহী হওয়া প্রয়োজন। তবে এ ক্ষেত্রে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে।
দ্বিতীয় পরামর্শে তিনি বর্ষাকালে নিজের বা পরিবারের সদস্যদের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার কথা বলেন তিনি।
এর আগে সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন শিক্ষার্থীরা। তাঁরা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।