জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডিকেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চায় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
নাসির উদ্দিন বলেন, এনআইডি নিয়ে দোষারোপের রাজনীতিতে না জড়িয়ে নাগরিকদের সেবা নিশ্চিত করতে হবে। দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে কমিশনকে কঠোর অবস্থান নিতে হবে।
এনআইডি সেবা সহজ করে মানুষের ভোগান্তি কমাতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এ পর্যন্ত এনআইডি সংশোধনের ৬৫ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে গত দুই বছরে নিষ্পত্তি হয়েছে ১৭ লাখের বেশি আবেদন।
তবে আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। নাগরিকদের অসাবধানতা, বিভিন্ন দোকানের ওপর নির্ভরশীলতা, অসততা ও প্রতারণার প্রবণতা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলেও জানান এই নির্বাচন কমিশনার।