আদালতে মামলার চাপ কমানো এবং বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) যৌথভাবে ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার পাওয়ার অধিকার কোনো নির্দিষ্ট শ্রেণির মানুষের বিশেষ সুবিধা নয়, বরং প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে (এডিআর) গুরুত্ব দিচ্ছে। লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ দ্রুত, শান্তিপূর্ণ ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রচলিত বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা সাধারণ পরিবার, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের ওপর আর্থিক ও মানসিক চাপ তৈরি করে। প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে মামলা করার আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হলে এ চাপ অনেকটাই কমানো সম্ভব।
পরীক্ষামূলক প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, দক্ষ মধ্যস্থতাকারী ও আস্থাশীল প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করা গেলে অনেক মানুষ মামলা-মোকদ্দমার বদলে আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধ মেটাতে আগ্রহী হন। পারিবারিক ও দেওয়ানি বিরোধের উল্লেখযোগ্য অংশ মামলা হওয়ার আগেই নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। এতে নতুন মামলার সংখ্যা কমার পাশাপাশি প্রচলিত বিচারব্যবস্থার ওপর চাপও হ্রাস পাচ্ছে।
আইনমন্ত্রী বলেন, পরীক্ষামূলক প্রকল্পের সাফল্যকে এবার স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপ দিতে হবে। এ লক্ষ্যে দেশের ৬৪ জেলায় কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে আইন মন্ত্রণালয়। সমাজে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
জাপান সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের আইন খাতে জাপানের কারিগরি সহায়তা ও অব্যাহত সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির উপস্থিতি দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এ সময় তিনি জাইকাকেও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও তথ্য বিবেচনায় নিয়ে আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা যেন বাংলাদেশের বিচারিক ও আইনি প্রক্রিয়ায় অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। আদালত বা আইনি প্রক্রিয়ার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন এবং বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো প্রকল্পের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সম্মেলনে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রমের অভিজ্ঞতা, সাফল্য, চ্যালেঞ্জ ও দেশব্যাপী সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাইকার মধ্যে অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ, লিগ্যাল এইড কর্মকর্তা, আইনজীবী, জাইকার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।