নিজেদের প্রযুক্তি ও তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আগামী তিন বছরের মধ্যে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে নিজস্ব সক্ষমতা গড়ে তুলেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
বৃহস্পতিবার লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে দেশ এবং তরুণ সমাজও পিছিয়ে পড়বে। প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে সক্ষম হবে। যথাযথ সহায়তা পেলে তরুণেরা আকাশও জয় করতে পারে।
তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
নতুন নতুন ধারণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।