মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। বুধবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এ বিষয়ে আদেশ জারি করেছে। ওই আদেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং তা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে নীতিমালা প্রণয়নের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। কোথাও এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে তা বাস্তবায়ন করা হচ্ছে।