প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ ২০ নভেম্বর, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। চার দশকের রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ

2026-11-20T12:20:40+00:00
2026-11-20T12:20:40+00:00
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
 
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:২০ পিএম 
সংগৃহীত ছবি

আজ ২০ নভেম্বর, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। চার দশকের রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ পদে আসীন হয়েছেন তিনি। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তারেক রহমানের রাজনীতির আনুষ্ঠানিক সূচনা হয়েছিল তৃণমূল থেকে। এরপর কারাবাস, মামলা, দীর্ঘ নির্বাসন ও রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে বিএনপির নেতৃত্ব গ্রহণ এবং নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে পৌঁছান তিনি। জন্মদিনে তার এই দীর্ঘ রাজনৈতিক পথচলা আবারও আলোচনায় এসেছে।

১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি। তার শিক্ষাজীবন শুরু ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন।

১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। স্থানীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততার মধ্য দিয়ে শুরু হয় তার রাজনৈতিক পথচলা। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন তিনি। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনী প্রচার সমন্বয়ের দায়িত্বও পালন করেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে দলীয় কর্মকাণ্ডে তার ভূমিকা ও প্রভাব বাড়তে থাকে।

তারেক রহমানের রাজনৈতিক জীবনে বড় ধাক্কা আসে ২০০৭ সালে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হন তিনি। সে সময় কারাগারে তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। একাধিক মামলার মুখোমুখি হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করতে হয় তাকে। দেশের বাইরে থাকলেও বিএনপির রাজনীতি থেকে দূরে সরে যাননি। বরং লন্ডনে বসেই দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে থাকেন।

২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এরপর দীর্ঘ সময় বিদেশে থেকেই দলটির নেতৃত্ব দেন তিনি। প্রবাসজীবনে তার রাজনৈতিক বক্তব্যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং ভোটাধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরার অনুকূল পরিবেশ তৈরি হয়। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে সরাসরি দলীয় কর্মকাণ্ডে যুক্ত হন এবং নির্বাচনের প্রস্তুতিতে নেতৃত্ব দেন।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন তারেক রহমান। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে যুক্ত হয় নতুন অধ্যায়।

জন্মদিন উপলক্ষে তারেক রহমানের জন্য দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: