রাজু হত্যার বিচার না হওয়া পর্যন্ত লড়াইয়ের ঘোষণা বিএনপি নেতাদের

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

কৃষক দল নেতা রাজু হত্যার বিচার দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, “আর কত মায়ের

2026-11-19T11:52:43+00:00
2026-11-19T11:52:43+00:00
  বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
রাজু হত্যার বিচার না হওয়া পর্যন্ত লড়াইয়ের ঘোষণা বিএনপি নেতাদের
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫২ এএম 
রাজু হত্যার বিচার না হওয়া পর্যন্ত লড়াইয়ের ঘোষণা বিএনপি নেতাদের
কৃষক দল নেতা রাজু হত্যার বিচার দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, “আর কত মায়ের বুক খালি করবেন, আর কত বাবার চোখের পানি দেখব? আমরা কী বলে রাজুর বাবাকে সান্ত্বনা দেব? তাঁদের চোখের পানিতে আকাশ-বাতাস ভারী হয়ে যাচ্ছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।”

বুধবার (১৮ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষক দল নেতা রাজুর জানাজায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং হত্যার শিকার রাজুর স্মরণে এ জানাজার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে রুহুল কবির রিজভী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, বিগত ১৭ বছরে নির্বাচন হয়েছে গরু-ছাগলের নির্বাচন, শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠদের নির্বাচন। ভোটাধিকার হরণ করা হয়েছিল, ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারতেন না। এসব অনাচার-অবিচার ও দুঃশাসন অতিক্রম করে গণতন্ত্রকে বিজয়ী করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার পরিচালনা করছে।

তিনি আরও বলেন, “আমাদের অনেক নেতাকর্মীকে বাবা-মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে চিরদিনের জন্য গুম করা হয়েছে। অনেক সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের বর্বরোচিত দুঃশাসনের মধ্য দিয়ে আমরা ১৭টি বছর অতিক্রম করেছি। এরপর ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে।”

আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে রিজভী বলেন, তাঁদের কেউ কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, কেউ দুবাইয়ে সোনার দোকান দিয়েছেন। সেখানে তাঁরা সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন, আর দেশে কিছু লোককে দিয়ে মানুষ হত্যা ও নৈরাজ্য চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, বোমাবাজি, পুলিশের বক্স, বাস ও ট্রাকে আগুন দেওয়া এবং অফিস-আদালতে হামলার মতো ঘটনা ঘটানো হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে আসছেন না কেন?

রিজভী বলেন, বিএনপি আন্দোলনে অগ্নিসংযোগ ও সংঘাতের রাজনীতি করে না; বরং এ ধরনের নৈরাজ্যকে ঘৃণা করে। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে ইউনিয়নে ইউনিয়নে বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, সংশ্লিষ্ট অডিও রেকর্ড পরীক্ষা করে তাঁর কাছে সেটি সম্পাদনা করা হয়নি বলে মনে হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও বিসিক ব্যাংকের অর্থ পাচার করে বিদেশে আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। দেশে তাঁদের লোকজনকে দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং তারেক রহমানের সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

লকডাউন কর্মসূচির সমালোচনা করে রিজভী বলেন, জোর করে লকডাউন চাপিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, এমনকি পার্শ্ববর্তী দেশ থেকে এ ঘোষণা দেওয়া হচ্ছে, বাংলাদেশের ভেতর থেকে নয়। এসব কর্মকাণ্ড দেশের মানুষ মেনে নেবে না।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি রাজু হত্যার জন্য নিক্সন চৌধুরী ও শেখ হাসিনাকে দায়ী করে তাঁদের বিচারের আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, “যেখানেই নৈরাজ্য দেখবেন, সেখানেই প্রতিহত করবেন, দাঁতভাঙা জবাব দেবেন। যাঁকে হত্যা করা হয়েছে, তিনি তো ভাঙ্গারই সন্তান, ভিনদেশের মানুষ নন। আমরা এ হত্যার বিচার করেই ছাড়ব।”

বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “আমরা শপথ নিয়েছি, কৃষক দল নেতা রাজুর রক্তের বদলা বৃথা যেতে দেব না। আমরা এ হত্যার বিচার করেই ছাড়ব।” তিনি আরও বলেন, কাউকে বিনা চ্যালেঞ্জে আর সুযোগ দেওয়া হবে না। বিদেশে বসে নিক্সন চৌধুরী শান্ত ভাঙ্গাকে অশান্ত করার চেষ্টা করছেন—এমন অভিযোগ করে তিনি বলেন, ভাঙ্গার মানুষ তা মেনে নেবে না।

পরে ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডের সভাস্থলে রাজুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: