আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও ঘন কুয়াশার প্রভাবে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিরাজ করছে সুনসান নীরবতা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে যাত্রীবাহী বাস ও গণপরিবহনের চলাচল বন্ধ থাকায় সড়কটি অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে।
সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকা। এতে সড়কে দৃশ্যমানতা কমে যায়। অন্যদিকে লকডাউনের কারণে যাত্রীবাহী বাসসহ গণপরিবহনের চলাচল না থাকায় স্বাভাবিক সময়ের ব্যস্ত এক্সপ্রেসওয়ে অনেকটাই ফাঁকা দেখা যায়। বিশেষ করে শিবচর অংশে যানবাহন ও মানুষের উপস্থিতি ছিল খুবই কম। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষও ভোগান্তিতে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে বুধবার রাতে পদ্মা সেতু এলাকা থেকে সূর্যনগর বাজার পর্যন্ত একাধিক স্থানে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সাবেক চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নামে স্লোগান দেওয়া হয় বলেও জানা গেছে। তবে এসব ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করা এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে শিবচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা পদ্মা সেতু এলাকায় অবস্থান নেন। উপজেলা বিএনপির পক্ষে কামাল জামান নূরুদ্দিন মোল্লার নেতৃত্বে নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত সড়কে অবস্থান করেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন খান সোহেল, সদস্য শচীব সোহেল রানা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান ও সাইদুজ্জামান জামাল, যুবদল নেতা সজীব খান এবং ছাত্রনেতা তুরাগ খান। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে আবু জাফর চৌধুরী, নাদিরা মিঠু ও মো. জহের গোমস্তা সার্বক্ষণিক পরামর্শ দিয়েছেন বলে জানানো হয়েছে।
একদিকে রাজনৈতিক কর্মসূচি ঘিরে হামলার আশঙ্কা, অন্যদিকে ঘন কুয়াশা—সব মিলিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।