খুলনা বিভাগের ১০ জেলায় বিশেষ অভিযানে সাত দিনে ১ হাজার ৪৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) খুলনা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নাশকতা ও সহিংসতা সৃষ্টির পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সহযোগী হিসেবে ৪৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে আরো ৯৭২ জনকে। সাত দিনে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে যশোর জেলায়। এ জেলায় গ্রেফতার হয়েছেন ২৬৮ জন। এছাড়া ঝিনাইদহে ২২৬, খুলনায় ২০৪, সাতক্ষীরায় ১৩৬, কুষ্টিয়ায় ১৩৩, বাগেরহাটে ১১৫, চুয়াডাঙ্গায় ১০৯, মাগুরায় ৯৫, নড়াইলে ৭৯ এবং মেহেরপুরে ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
খুলনা রেঞ্জ পুলিশ জানায়, খুলনা রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন জেলায় পরিচালিত অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দায়ের করা মামলা, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহত করার পাশাপাশি জনমনে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করছে পুলিশ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।