প্রধানমন্ত্রীর সফর ঘিরে লালমনিরহাটে উৎসবের আমেজ, উন্নয়ন ঘোষণার প্রত্যাশা

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে আসছেন। তাঁর সফর ঘিরে জেলায় নিরাপত্তা জোরদারসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

2026-11-18T16:12:47+00:00
2026-11-18T16:12:47+00:00
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে লালমনিরহাটে উৎসবের আমেজ, উন্নয়ন ঘোষণার প্রত্যাশা
লালমনিরহাট প্রতিনিধি
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:১২ পিএম 
প্রধানমন্ত্রীর সফর ঘিরে লালমনিরহাটে উৎসবের আমেজ, উন্নয়ন ঘোষণার প্রত্যাশা
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে আসছেন। তাঁর সফর ঘিরে জেলায় নিরাপত্তা জোরদারসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিভিন্ন কার্যক্রম তদারকি করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

প্রায় দুই যুগ পর লালমনিরহাটে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে জেলাবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। সফরকালে জেলার দীর্ঘদিনের অন্তত ছয়টি দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণা পাওয়ার আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো লালমনিরহাটে আসছেন। তাঁকে বরণ করতে জেলাবাসীর পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার মানুষের বিভিন্ন দাবি পূরণে প্রধানমন্ত্রী ঘোষণা দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির নেতা-কর্মীরা। সফর উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং তাঁর বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এ জনপদের মানুষ।

এদিকে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিগত সরকার এ মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। তাই প্রকল্পটি বাস্তবায়নের আশায় রয়েছেন তিস্তাপাড়ের লাখো মানুষ।

লালমনিরহাট বিমানবন্দর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি পুনরায় চালুর দাবিও দীর্ঘদিনের। সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ইতিমধ্যে কয়েক দফায় বিমানবন্দরটি পরিদর্শন করেছেন। এটি চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে ঘোষণা শুনতে চান এ অঞ্চলের মানুষ।

চরাঞ্চলে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতিও দীর্ঘদিনের। বিগত সরকারের সময় সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় এ জন্য জমি নির্বাচন করা হলেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা চান জেলাবাসী।

বুড়িমারী স্থলবন্দরে পাথর আমদানি ছাড়া অন্যান্য পণ্যের ব্যবসা সীমিত। একসময় ২০টির বেশি পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম থাকলেও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে অনেক পণ্যের বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে সম্ভাবনাময় এ বন্দরটির পুরো সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। আগের মতো ব্যবসা-বাণিজ্যের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা।

একই সঙ্গে বন্দরের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য পরিবহনে পুনরায় মালবাহী ট্রেন চালুর দাবিও রয়েছে। একসময় অল্প খরচে রেলপথে পণ্য পরিবহন করা হতো। এ ছাড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের পরিবর্তে বুড়িমারী থেকে যাত্রা শুরুর ঘোষণাও চান স্থানীয়রা।

লালমনিরহাটের ব্র্যান্ডিং পণ্য ভুট্টা। তবে জেলায় ভুট্টাজাত পণ্য উৎপাদনের কারখানা প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। কৃষির উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিস্তা চরাঞ্চলে এ ধরনের শিল্পকারখানা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। স্বল্প মজুরির শ্রমিকের প্রাপ্যতা কাজে লাগিয়ে চরাঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলার দাবি জানিয়েছেন তিস্তাপাড়ের মানুষ।

লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে নিরাপত্তা জোরদারসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁকে বরণ করতে জেলাবাসী প্রস্তুত।

মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর আগমন লালমনিরহাটবাসীর জন্য আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখতে জেলাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করবেন। এরপর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন।

সকাল ১১টা ৩০ মিনিটে তিনি সড়কপথে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের পানি নিষ্কাশন খাল পুনঃখননস্থলের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১১টা ৪৫ মিনিটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় করবেন।

দুপুর ২টা ৩০ মিনিটে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: