পিরোজপুরের নেছারাবাদে একটি মসজিদের সামনে পার্ক করে রাখা কাভার্ড ভ্যানের তিনটি চাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর জগন্নাথকাঠি বায়তুল রহমান জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নাশকতার আশঙ্কা ও উদ্বেগ দেখা দিয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যানটির নম্বর চট্টগ্রাম মেট্রো-ন-১১-৭৭৮৮। গাড়িটির মালিক ভোলা জেলার বাসিন্দা মো. কামাল এবং চালক মো. বাহারুল।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় নার্সারি ব্যবসায়ী মো. শাহিনের গাছের চারা ঢাকায় পরিবহনের জন্য কাভার্ড ভ্যানটি ভাড়া করা হয়েছিল। পরে সেটি মসজিদের সামনে পার্ক করে রাখা হয়। রাত দেড়টার দিকে মসজিদের ইমাম গাড়িটির তিনটি চাকায় আগুন জ্বলতে দেখে চিৎকার করে স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়রা মসজিদের পানির পাইপ ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
এতে গাড়িটির তিনটি চাকা পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় কাভার্ড ভ্যানটি।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাড়ির চাকায় আগুন দিয়ে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদি হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মসজিদের সামনে পার্ক করা গাড়িটিতে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে স্বরূপকাঠি বাসস্ট্যান্ড, লোড পয়েন্ট, বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানের লোকজনকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নেছারাবাদ থানা পুলিশ সার্বিক পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।