নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া রহস্যে নতুন মোড় এসেছে। শহরের বলাকা ক্লিনিকে জন্ম নেওয়া যমজ শিশুর একটি হারিয়ে যাওয়ার অভিযোগ সঠিক নয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ১৪ নভেম্বর নওগাঁর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটির স্মারক নম্বর: উপ/স্বাস্থ্য/কমপ্লে./নওগাঁ সদর/২৬/৩৩/৮৯৬।
অন্যদিকে, যমজ শিশুর একটি হারিয়ে যাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের একটি দল পার্শ্ববর্তী বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে একটি শিশু উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া শিশুটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া শিশু কি না, তা নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ নভেম্বর শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে জেলার বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শান্তনা আক্তারের সিজারিয়ান অপারেশনে যমজ সন্তান জন্মের পর তাঁর কাছে একটি শিশু হস্তান্তর করা হয়েছে—এমন সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের দেওয়া স্মারকলিপির পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট নয়জন চিকিৎসক ও ব্যক্তির সাক্ষ্য গ্রহণ শেষে কমিটি গত ১৪ নভেম্বর প্রতিবেদন জমা দেয়।
তদন্ত কমিটির সদস্য ও নওগাঁ সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত রেডিওলজিস্ট ডা. এ এম রেজাউল মাহমুদ প্রতিবেদনে লিখিত মতামতে জানান, তিনি আলোচিত রোগীর তিনটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও ছবি পরীক্ষা করেছেন। গত ১০ আগস্টের রিপোর্টে ওই নারীর গর্ভে একটি সন্তান থাকার কথা উল্লেখ ছিল। এ রিপোর্ট নিয়ে কোনো সন্দেহ নেই।
তবে গত ১২ ও ২১ অক্টোবরের দুটি রিপোর্টের সঙ্গে যুক্ত ছবির সঙ্গে রিপোর্টের তথ্যের মিল পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। ওই দুটি রিপোর্টে যমজ সন্তানের কথা বলা হলেও ছবিতে দুটি সন্তানের কোনো চিত্র ছিল না। তাঁর মতে, যমজ সন্তান নিশ্চিত করতে উভয় শিশুর উপস্থিতি বোঝা যায়—এমন ছবি থাকা প্রয়োজন। এ ধরনের ছবি না থাকায় ওই দুটি রিপোর্টকে সঠিক বলে বিবেচনা করা যায় না। তাঁর মতামত অনুযায়ী, শান্তনা আক্তারের গর্ভে একটি সন্তানই ছিল।
অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুন তদন্ত প্রতিবেদনে জানান, গর্ভাবস্থার শেষ পর্যায়ে শান্তনা আক্তার তাঁর কাছে চিকিৎসা নিতে আসেন। রোগীর আগের দুটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের একটিতে একটি সন্তান এবং অন্যটিতে যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। পরে তিনি আবারও আল্ট্রাসনোগ্রাম করানোর পরামর্শ দেন। তৃতীয় রিপোর্টেও যমজ সন্তানের কথা বলা হয়।
এরপর গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বলাকা ক্লিনিকের অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে তিনি সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনে একটি শিশুই পাওয়া যায়। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে রোগীর স্বজনদের জানান। অপারেশন থিয়েটারে উপস্থিত চিকিৎসক ও অন্য ব্যক্তিরাও বিষয়টি জানেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন তিনি। এর প্রমাণ হিসেবে একটি ভিডিও ধারণ করা আছে বলেও জানান।
অপারেশন দলের সহকারী সার্জন ডা. মো. আব্দুল আউয়াল তদন্ত প্রতিবেদনে বলেন, শান্তনা আক্তারের অপারেশনের সময় একটি শিশু, একটি প্লাসেন্টা ও একটি নাড়ি পাওয়া যায়। শিশুটির ওজন ছিল ৩ দশমিক ৭ কেজি এবং সেটি ছিল মেয়ে। তাঁর বক্তব্য অনুযায়ী, যমজ সন্তান জন্মের অভিযোগ সঠিক নয়।
বলাকা ক্লিনিকের মালিক মো. এনামুল হক জানান, প্রায় ৩০ বছর ধরে তাঁদের প্রতিষ্ঠান সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছে। তাঁর দাবি, একটি মহল যমজ শিশুর বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। পুলিশ অভিযোগ পাওয়ার পর যথাযথ তদন্ত ছাড়াই তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, বগুড়ার আল-বারাকা ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেওয়া এবং পরে দত্তক দেওয়া একটি শিশুকে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে পুলিশ উদ্ধার করে। তাঁর দাবি, ওই গ্রামের এক ব্যক্তি শিশুটিকে দত্তক নিয়েছিলেন। পুলিশের করা মামলার আসামি হিসেবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলেও জানান এনামুল হক। সংশ্লিষ্ট ব্যক্তিরা তদন্ত প্রতিবেদনটি আমলে নেবেন এবং তিনি মামলা থেকে অব্যাহতি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে একটি বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত আরও সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে কমিটির সদস্যরা অতিরিক্ত তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নিয়েছেন। কমিটির দাখিল করা প্রতিবেদন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। পরবর্তী পদক্ষেপ তাঁরাই নেবেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে উদ্ধার করা শিশুটি নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া শিশু নাও হতে পারে। তবে শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা প্রয়োজন। এ জন্য আদালতে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে পরীক্ষা সম্পন্ন করা হবে। এ ছাড়া আদালতের মাধ্যমে শিশুটির প্রকৃত অভিভাবকেরা তাকে গ্রহণ করতে পারবেন। প্রকৃত বাবা-মা শনাক্ত না হওয়া পর্যন্ত শিশুটি পুলিশি হেফাজতে থাকবে।